০৩ জুলাই, ২০২৩ ১০:৫৯ এএম

৮ জুলাই থেকে পোস্টগ্রাজুয়েট চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

৮ জুলাই থেকে পোস্টগ্রাজুয়েট চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে আগামী ৮ জুলাই থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন বেসরকারি পোস্টগ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা।

পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস এসোসিয়েশনের সভাপতি ডা. জাবির হোসেন ও সাধারণ সম্পাদক ডা. নূরুন্নবী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, প্রাইভেট পোস্ট গ্রাজুয়েশন ট্রেইনি ডাক্তারদের বেতন ভাতা বৃদ্ধি সংক্রান্ত ন্যায্য দাবির বিষয়ে বারবার কর্তৃপক্ষ সমর্থন দিয়ে থাকলেও তাঁদের আশ্বাস বরাবরের মতোই মিথ্যা প্রমাণিত হয়েছে। সম্প্রতি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী প্রাইভেট ট্রেইনিদের ব্যাপারে যে মন্তব্য করেছেন সেটা থেকে প্রতীয়মান হয় যে, মাননীয় মন্ত্ৰী আমাদের কাজের পরিধি এবং আমাদের মানবেতর জীবন সম্পর্কে মোটেও অবগত নন।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে ২০ হাজার টাকায় একজন ডাক্তার কীভাবে তার সংসার চালাতে পারে, এটাই বিবেকবানদের কাছে প্রশ্ন।

‘আলোচনার চেষ্টা করা হয়েছে। মিথ্যা আশ্বাস এবং সময়ক্ষেপণ ছাড়া কিছু আমরা পাইনি। তাই আগামী ৮ জুলাই ২০২৩ (শনিবার) তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি এবং অবস্থান ধর্মঘটের ডাক দেয়া হল’, সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

দীর্ঘদিন ধরে ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে আন্দোলন করে আসছেন বেসরকারি পোস্টগ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। তাঁদের দাবিগুলো হলো—মাসিক ভাতা ৫০ হাজার টাকা করা, নিয়মিত প্রদান ও সকল ট্রেইনি চিকিৎসকদের বকেয়া দ্রুততম সময়ে পরিশোধ করা।

এসব দাবিতে গত ৮ জুন জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত গোল টেবিল বৈঠক ও সংবাদ সম্মেলন করে বেসরকারি পোস্টগ্রাজুয়েট প্রশিক্ষণার্থীরা। এতে ১২ জুনের মধ্যে দাবি-দাওয়া মেনে নেওয়ার সময় বেঁধে দেন তাঁরা। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীরা হুঁশিয়ারি উচ্চারণ করেন, এ সময়ের মধ্যে দাবি না মানা হলে ১৩ জুন থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাবেন তারা।

তবে ১১ জুন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সে (বিসিপিএস) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে প্রশিক্ষণার্থী চিকিৎসকদের বৈঠক হয়। সেখানে তাঁদের দাবি-দাওয়ার বিষয়ে ১৫ জুন সন্তোষজনক আলোচনার আশ্বাসে ১৩ জুন থেকে সারাদেশে কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত স্থগিত করে ট্রেইনি ডক্টরস এসোসিয়েশন।

২০২০ সালের সেপ্টেম্বর মাসে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সিন্ডিকেট সভায় অধিভুক্ত ইনস্টিটিউটগুলোতে অধ্যয়নরত বেসরকারি রেসিডেন্টদের ভাতা বাড়িয়ে ৩০ হাজার টাকা করার বিষয়ে অনুমোদন দেয় সিন্ডিকেট মেম্বারগণ।

এর পর ওই বছরের ২১ সেপ্টেম্বর বিকেলে বিএসএমএমইউ রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান মেডিভয়েসকে বলেছিলেন, ‘বেসরকারি রেসিডেন্টদের মাসিক ভাতা ৩০ হাজার টাকা করার বিষয়টি সিন্ডিকেট মিটিংয়ে অনুমোদিত হয়েছে। তবে এটি বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটিতে যাবে, সেখানেও পাস হওয়ার একটি বিষয় রয়েছে।’ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন
  এই বিভাগের সর্বাধিক পঠিত