৫০ শয্যায় উন্নীত মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
মেডিভয়েস রিপোর্ট: মেহেরপুরের মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ করা হয়েছে। আজ সোমবার (২২ মে) দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এর উদ্বোধন করেন।
এসময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে কমিউনিটি ক্লিনিকের স্বপ্ন ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। স্বাধীনতার পর প্রতিটি ইউনিয়নে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ শুরু করে বঙ্গবন্ধু সরকার। কিন্তু বঙ্গবন্ধু হত্যার পর সে স্বপ্ন আর পূরণ হয়নি। ১৯৯৬ সালে শেখ হাসিনা সরকার গঠনের পর দেশে ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক চালু করলেও বিএনপি ক্ষমতায় এসে তা বন্ধ করে দেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই কমিউনিটি ক্লিনিক আজ বিশ্ব দরবারে স্বীকৃতি পেয়েছে।’
মেহেরপুরে জেলা প্রশাসক আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মনজুরুল মুরশিদ, পুলিশ সুপার রাফিউল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম প্রমুখ।
এসএস