বিএসএমএমইউ’র প্রক্টরিয়াল বডিতে প্রথম নারী সদস্য
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রক্টরিয়াল বডিতে প্রথম নারী সদস্য হিসেবে সহকারী প্রক্টর পদে নিয়োগ পেয়েছেন মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফাতিমা জোহুরা।
আজ মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ তার হাতে এ নিয়োগপত্র তুলে দেন।
নিয়োগপত্র প্রদানকালে বিএসএমএমইউ’র ভিসি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে বিশ্বে রোল মডেল হিসেবে পরিচিত। তিনি জেন্ডার সমতায়নে নারী নেতৃত্বকে সামনের দিকে এগিয়ে নিয়ে চলেছেন। দেশের সকল ক্ষেত্রেই নারীদের তিনি অগ্রাধিকার দিয়েছেন। সেই পদ অনুসরণ করে বিএসএমএমইউর বর্তমান প্রশাসন সকল ক্ষেত্রে নারীদের মেধার মূল্যায়ন করছে।
এসময় বিএসএমএমইউ’র কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, এনটামি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. লায়লা আনজুমন বানু, দৈনিক ভোরের আকাশের সম্পাদক মনোরঞ্জন ঘোষাল, সহকারী প্রক্টর ডা. ফারুক হোসেন, সহযোগী অধ্যাপক (সার্জিক্যাল অনকোলজি) ডা. মো. রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।
ডা. ফাতিমা জোহুরা ২০১০ সালে এমবিবিএস পাস করেন। ২০১৯ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে মানসিকরোগবিদ্যা বিভাগ থেকে এমডি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ২০২১ সালে একই বিভাগে সহকারী অধ্যাপক পদে নিয়োগ লাভ করেন। দীর্ঘ দশ বছর ধরে মানসিক রোগ নিয়ে কাজ করছেন ডা. ফাতিমা জোহুরা।
ডা. ফাতিমা জোহুরা বাংলাদেশ এসোসিয়েশন অব সাইক্রাইট্রির সমাজকল্যাণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি এসোসিয়েশন ফর থিরাপিউটিক কাউন্সিলিং বাংলাদেশ' র আন্তর্জাতিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি স্বাচিপের সদস্য।
এসএস