১০ এপ্রিল, ২০২৩ ১০:২৬ এএম

কোভিড সংস্পর্শে গর্ভস্থিত ২ শিশুর মস্তিষ্কে ভয়াবহ ক্ষতি, গবেষণা

কোভিড সংস্পর্শে গর্ভস্থিত ২ শিশুর মস্তিষ্কে ভয়াবহ ক্ষতি, গবেষণা
‘এই প্রথম আমরা ভ্রূণের শরীরে স্থানান্তরিত হওয়ার পথসহ ভাইরাসটি দেখেছি। এ কারণে বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।’

মেডিভয়েস ডেস্ক: মায়ের গর্ভফুলের মাধ্যমে করোনাভাইরাসের সংস্পর্শে আসায় দুই শিশুর মস্তিষ্কে ভয়াবহ ক্ষতির প্রমাণ পেয়েছেন মার্কিন গবেষকেরা। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মিয়ামি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এ তথ্য জানিয়েছে। গবেষণার ফলাফল পেডিয়াট্রিকস সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

২০২০ সালে করোনাভাইরাসে আক্রান্ত দুই মা এই দুই শিশুর জন্ম দেন।

মিয়ামি বিশ্ববিদ্যালয়ের প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ মিখায়েল পায়দাস এক ব্রিফিংয়ে বলেন, ‘এই প্রথম আমরা ভ্রূণের শরীরে স্থানান্তরিত হওয়ার পথসহ ভাইরাসটি দেখেছি। এ কারণে বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।’

জন্মের প্রথম দিন থেকেই দুই নবজাতকের খিঁচুনি হতে দেখা গেছে। জিকাভাইরাসে আক্রান্ত শিশুদের মতো এসব শিশুর ছোট মাথা (মাইক্রোসেফালি) ছিল না। তবে সময়ের সঙ্গে সঙ্গে তাদের মধ্যে এই রোগের লক্ষণ দেখা দিয়েছিল। কারণ, তাদের মস্তিষ্ক স্বাভাবিকভাবে বিকশিত হয়নি।

গবেষকেরা বলেন, দুই নবজাতকেরই বিকাশ বিলম্বিত হয়েছিল। এক শিশু ১৩ মাস বয়সে মারা গিয়েছিল। আরেক শিশুকে হাসপাতালে রাখা হয়েছে।

গর্ভফুল অতিক্রম করতে সক্ষম, এমন বেশ কয়েক ধরনের ভাইরাস রয়েছে। এসব ভাইরাস হলো সাইটোমেগালোভিরাস, রুবেলা, এইচআইভি ও জিকা। এগুলো ভ্রূণের মস্তিষ্কের ক্ষতির কারণ হয়। সার্স-কোভ-২ ভাইরাস প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের টিস্যুতে শনাক্ত করা গেছে। কয়েকজন বিশেষজ্ঞের ধারণা, এই ভাইরাস ভ্রূণের মস্তিষ্কের টিস্যুর ক্ষতি করে।

মিয়ামি বিশ্ববিদ্যালয়ের শিশুরোগ বিভাগের সহকারী অধ্যাপক ও পুষ্টিবিদ চিকিৎসক মারলিন বেনি বলেন, এসব নবজাতকের কারও শরীরে সার্স-কোভ-২ ভাইরাস পাওয়া যায়নি। তবে তাদের রক্তে উচ্চমাত্রায় কোভিড অ্যান্টিবডি পাওয়া গেছে।

চিকিৎসক মারলিন আরও বলেন, মা থেকে সন্তানের শরীরে গর্ভফুলের মাধ্যমে ওই ভাইরাস স্থানান্তরিত হয়েছে।

গবেষক দল দুই শিশুর মায়ের গর্ভফুলেই ওই ভাইরাসের উপস্থিতি পেয়েছেন। বেনি বলেন, ময়নাতদন্তে জানা গেছে, যে শিশু মারা গেছে, তার মস্তিষ্ক করোনাভাইরাসে আক্রান্ত ছিল।

ওই দুই মায়ের মধ্যে একজনের অন্তঃসত্ত্বা অবস্থায় করোনাভাইরাসের হালকা উপসর্গ ছিল। আরেকজন এত অসুস্থ ছিলেন যে চিকিৎসকেরা ৩২ সপ্তাহে অস্ত্রোপচার করতে বাধ্য হন।

এ ধরনের ঘটনা বিরল উল্লেখ করে অন্তঃসত্ত্বা অবস্থায় যেসব নারী করোনাভাইরাসে আক্রান্ত হন, তাদের শিশুদের বিকাশ নিয়ে শিশুরোগ বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করার পরামর্শ দেন মিয়ামি বিশ্ববিদ্যালয়ের স্ত্রীরোগ বিশেষজ্ঞ শাহনাজ দুয়ারা।

গবেষক দল আরও বলেছে, যেসব নারী অন্তঃসত্ত্বা হওয়ার কথা ভাবছেন, তাদের টিকা নেওয়ার বিষয়টি নিয়ে ভাবা দরকার।

টিআই/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন