১০ মার্চ, ২০২৩ ০৪:৫৮ পিএম

বেপরোয়া বাস কোমরের সঙ্গে স্বপ্নও ভেঙে দিয়েছে ইন্টার্ন চিকিৎসকের

বেপরোয়া বাস কোমরের সঙ্গে স্বপ্নও ভেঙে দিয়েছে ইন্টার্ন চিকিৎসকের
ঘটনার পর ডা. ফাতেমাকে দেখতে হাসপাতাল যান তেজগাঁও ওসি অপূর্ব হাসান ও পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার রুবাইয়াত জামান।

মেডিভয়েস রিপোর্ট: বেপরোয়া গতির বাস কোমর ভাঙার সঙ্গে স্বপ্নও ভেঙে চুরমার করে দিয়েছে ইন্টার্ন চিকিৎসক ফাতেমা কাশেমের (২৫)। বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে এলাইক পরিবহনের একটি বাস ডা. ফাতেমাকে চাপা দেয়। এতে তার কোমর ও পায়ের হাড় কয়েক টুকরা হয়ে যায়। মুহূর্তে অন্ধকার নেমে আসে ডা. ফাতেমা কাশেমের জীবনের এ অধ্যায়ে।

ঘটনার পর ইন্টার্ন চিকিৎসক ফাতেমাকে দেখতে হাসপাতাল যান তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান ও পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার রুবাইয়াত জামান।

অপূর্ব হাসান মেডিভয়েসকে বলেন, ‘দুর্ঘটনার পর জনতার সহায়তায় চালককে আটক ও এলাইক পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। পরে মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে কারাগারে। এখন তদন্ত চলছে। তদন্ত শেষে বলা যাবে আসলে কি ঘটেছে।’

ওসি আরও জানান, ‘ডা. ফাতেমাকে গুরুতর অবস্থায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতালে) ভর্তি করা হয়েছিল। পরে সেখান থেকে তাকে পপুলার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি পপুলার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’

জানা যায়, ফাতেমা তেজগাঁও শিল্পাঞ্চলের বেসরকারি শমরিতা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক। খবর পেয়ে ফাতেমার মা-বাবা পঙ্গু হাসপাতালে ছুটে আসেন। ফাতেমার বাবা আবুল কাশেম রাজধানীর গ্রিন রোডে সেন্ট্রাল হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট।

মেয়ের অবস্থা দেখে তিনি বারবার কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘বাসা থেকে মেয়েটা আমার সুস্থ অবস্থায় বের হলো। আর এখন কি হলো!’

আবুল কাসেম বলেন, এমবিবিএস পাস করে পাঁচ মাস আগে ইন্টার্নশিপ শুরু করে ফাতেমা। এখন যে অবস্থা হলো, এতে সুস্থ হয়ে ইন্টার্নশিপ শেষ করতে পারবে কিনা, তা নিয়ে দুশ্চিন্তা হচ্ছে। ঘাতক বাসচালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

তিন মেয়ের মধ্যে ফাতেমা ছোট। তার বড় দুই বোনও চিকিৎসক। তাদের বাসা রাজধানীর মিরপুরের দক্ষিণ পীরেরবাগের আমতলায়। তিনি মেডিকেল কলেজে বাসে যাতায়াত করতেন।

ঘটনার বর্ণনা দিয়ে কাসেম বলেন, ‘সকাল ৯টার দিকে মেডিকেল কলেজের ক্যাম্পাসে যেতে ফার্মগেটের আল-রাজি হাসপাতাল সংলগ্ন সড়কের পাশে রিকশার জন্য দাঁড়িয়ে ছিল ডা. ফাতেমা। কিছু বুঝে ওঠার আগেই এলাইক পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে সে রাস্তার পাশে ছিটকে পড়ে। এ সময় চালক তার ডান পায়ের ওপর দিয়ে বাস চালিয়ে দেয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে পাঠান।’

হাসপাতাল সূত্র জানায়, ফাতেমার কোমরের হাড় ভেঙে চার টুকরা হয়ে গেছে। তার ডান ঊরুর হাড়ও ভেঙেছে। থেঁতলে গেছে দুই পা। ফাতেমাকে চাপা দেওয়া বাসের চালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে তেজগাঁও থানায় মামলা করেছেন বাবা আবুল কাশেম।

এএইচ/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ইন্টার্ন চিকিৎসক
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক