১০ মার্চ, ২০২৩ ০৯:৩০ এএম

এমবিবিএস ভর্তি পরীক্ষা আজ: বসছে ১৩৯২১৭ পরীক্ষার্থী

এমবিবিএস ভর্তি পরীক্ষা আজ: বসছে ১৩৯২১৭ পরীক্ষার্থী
দেশের ১৯টি কেন্দ্রের ৫৭ ভেন্যুতে সকাল ১০টা হতে ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ শুক্রবার (১০ মার্চ)। রাজধানীর পাঁচটিসহ দেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে সকাল ১০টায় একযোগে অনুষ্ঠিত হবে এক ঘণ্টার এ পরীক্ষা। 

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য মতে, এ বছর ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ৪ হাজার ৩৫০টি এবং ৭১টি বেসরকারি মেডিকেল কলেজে ৬ হাজার ৭৭২টিসহ সর্বমোট ১১ হাজার ১২২টি আসন রয়েছে। এর বিপরীতে মোট আবেদন জমা পরেছে ১ লাখ ৩৯ হাজার ২১৭টি। এর মধ্যে ৬৪ হাজার ২৬৮ জন ছেলে (৪৬.১৬%) এবং ৭৪ হাজার ৯৫৩ জন মেয়ে (৫৩.৮৪%)।

হিসাব অনুযায়ী, আসনপ্রতি প্রায় ৩২ জনের মধ্যে প্রতিযোগিতা হবে।

কেন্দ্রে শৃঙ্খলা সংক্রান্ত নিয়মাবলী

পরীক্ষার্থীকে হল পরিদর্শকের নির্দেশ ও সিদ্ধান্ত মেনে চলতে হবে। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এবং হল পরিদর্শকের অনুমতি ব্যতীত পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষ ত্যাগ করতে দেওয়া হবে না। পরীক্ষার্থীকে অসুদপায় অবলম্বন অথবা বিশৃঙ্খলা সৃষ্টি করতে অথবা অন্যের সাহায্য নিতে অথবা অন্যকে সাহায্য করতে দেখা গেলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং তার উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।

পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন, কোন ধরনের ডিজিটাল ডিভাইস, ক্যালকুলেটর, হাতঘড়ি বা পকেটঘড়ি নিয়ে প্রবেশ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এরপরও পরীক্ষার হলে কারো কাছে উল্লিখিত নিষিদ্ধ কোন কিছু পাওয়া গেলে অথবা কাউকে এ ধরনের কোন ডিভাইস ব্যবহার করতে দেখা গেলে তার উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।

পরীক্ষার হলে সকল পরীক্ষার্থী কোভিড ১৯ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করবেন। কোন পরীক্ষার্থী পরীক্ষা চলাকালীন সময়ে দুই কান ঢেকে রাখতে পারবেন না। হল পরিদর্শকগণ উত্তরপত্রে স্বাক্ষর প্রদানের সময়ে শনাক্তকরণের জন্য প্রয়োজনে পরীক্ষার্থীর মুখমণ্ডল খোলার নির্দেশনা দিতে পারবেন।

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা

উত্তর প্রদান করার আগে পরীক্ষার্থীকে প্রশ্নপত্রের সাথে সংযুক্ত উত্তরপত্র (OMR Sheet)টি নিজ দায়িত্বে সাবধানতার সাথে আলাদা করে নিতে হবে এবং উত্তরপত্রে উল্লেখিত নির্দেশাবলি প্রতিপালন করতে হবে।

প্রবেশপত্র অনুযায়ী উত্তরপত্রের নির্দিষ্ট স্থানে স্বাক্ষর প্রদান করতে হবে এবং স্পষ্টভাবে নাম লিখতে হবে। উত্তরপত্রের নির্দিষ্ট বৃত্তসমূহ ভরাট করা এবং নির্দেশিত স্থানে যথাযথ তথ্য প্রদান ব্যতীত অন্য কোনো স্থানে কিছু লিখা সম্পূর্ণ নিষিদ্ধ এবং লিখলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।

পরীক্ষার্থীকে অসুদপায় অবলম্বন অথবা বিশৃঙ্খলা সৃষ্টি করতে অথবা অন্যের সাহায্য নিতে বা অন্যকে সাহায্য করতে দেখা গেলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং তার উত্তরপত্র বাতিল করা হবে।

সাধারণ নির্দেশনা

পরীক্ষা ব্যবস্থাপনার দায়িত্ব পালনের পরিচয়পত্র ব্যতীত কেউ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।

ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের লক্ষ্যে সরকার সজাগ রয়েছেন; আইন প্রয়োগকারী সংস্থা তৎপর রয়েছে। ভেন্যুসমূহে পরীক্ষায় অংশগ্রহণকারী ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যাতায়াত সহজ করার লক্ষ্যে ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরীক্ষা চলাকালীন সময়ে ভেন্যুর চতুর্দিকে আইন প্রয়োগকারী সংস্থার সংশ্লিষ্ট ভিজিলেন্স টিমের পেট্রোল নিশ্চিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 

দেশের বিভিন্ন স্থান থেকে আগত পরীক্ষার্থীদের নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার লক্ষ্যে পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্ৰ/ভেন্যুসমূহে অহেতুক ও বিনা প্রয়োজনে ভীড় করা থেকে বিরত থাকার জন্য অভিভাবকবৃন্দকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : এমবিবিএস ভর্তি পরীক্ষা
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক