বিসিপিএসে কাউন্সিলর নির্বাচিত হলেন যারা
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) কাউন্সিল নির্বাচন-২০২৩ এর ফলাফল প্রকাশিত হয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ফল প্রকাশিত হয়। এতে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন আটজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক।
নির্বাচিতরা হলেন, অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, অধ্যাপক ডা. টিটো মিঞা, অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক ডা. কোহিনূর বেগম, অধ্যাপক ডা. এ.বি.এম. মাকসুদুল আলম, অধ্যাপক ডা. ইমতিয়াজ ফারুক, অধ্যাপক ডা. মো. বিল্লাল আলম ও অধ্যাপক ডা. মো. নুর হোসাইন ভূইয়া।
এর আগে রাজধানীর মহাখালীতে বিসিপিএস কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। দুপুর ১টায় যোহরের নামাজের জন্য কিছু সময়ের বিরতি দেওয়া হয়। নির্বাচনে প্রায় ৮ হাজারেরও বেশি সদস্য তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। সারাদেশের বিসিপিএস’র ফেলোবৃন্দই এই নির্বাচনের ভোটার। নিয়ম অনুযায়ী, প্রত্যেক ভোটার ৮ জনকে ভোট দেন।
এ নির্বাচনে নির্বাচন কমিশনের (ইসি) চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ আফজাল হোসাইনের নেতৃত্বে তিন সদস্যের কমিশন নির্বাচন পরিচালনা করে। কমিশনের বাকি সদস্য ছিলেন অধ্যাপক ডা. হাসান আসকারি মো. নাজমুল আহসান ও অধ্যাপক ডা. নুরুদ্দিন আহমাদ।
নির্বাচিত হওয়ার পর অনুভূতি জানতে চাইলে অধ্যাপক ডা. টিটো মিঞা মেডিভয়েসকে বলেন, ‘কলেজের ফেলোরা আমাকে নির্বাচিত করে দায়িত্ব দিয়েছেন। ফেলোদের প্রতি সব কৃতজ্ঞতা জানাচ্ছি। এই কলেজের কল্যাণে কাজ করা আমাদের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার। আমাদের উপর অর্পিত দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি, সে চেষ্টা করে যাবো।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে চিকিৎসায় এবং শিক্ষায় যেভাবে ভূমিকা পালন করে আসছে এই কলেজ। সেটি যেন আরও বড় পরিসরে ভূমিকা রাখতে পারে, সেজন্য আমরা কাজ করবো। এই কলেজ থেকে যারা পাস করবেন, তারা যেন আন্তর্জাতিক পর্যায়েও শিক্ষা ও চাকরিতে অন্যান্য সুযোগ সুবিধা পায়, সে লক্ষে আমরা কাজ করবো।’
নতুন পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ডা. টিটো মিঞা বলেন, ‘কলেজের পরীক্ষা ডি-সেন্ট্রালাইজড করতে করতে হবে। এই কলেজের শিক্ষা আন্তর্জাতিকীকরণেও কাজ করবো। পরীক্ষার মান আরও উন্নত করবো।’
তিনি বলেন, ‘দেশ থেকে প্রচুর পরিমাণে রোগী বিদেশ চলে যায়, অথচ বিসিপিএসের পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকরা পারেন এই রোগীদের সেবা দিতে। আমাদের দেশেই যোগ্য চিকিৎসকরা আছেন।’
তিনি আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বিসিপিএস সার্জনদের জন্য এক হাজার ৫০ বেডের উন্নত মানের হাসপাতাল তৈরির অনুমোদন দিয়েছেন। তাঁর মাধ্যমে চিকিৎসকরা যেভাবে প্রশিক্ষণ পাবে উন্নত চিকিৎসার জন্য, সেইসাথে বিভিন্ন প্রযুক্তি এখানে স্থাপিত হবে। এতে মানুষের বিদেশমুখীতা কমে যাবে।’
এসএএইচ
-
২৪ ফেব্রুয়ারী, ২০২৩
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৩
-
২৬ ফেব্রুয়ারী, ২০২১
-
২৬ ফেব্রুয়ারী, ২০২১
-
২৬ ফেব্রুয়ারী, ২০২১
-
২৫ জানুয়ারী, ২০২১
-
২৪ জানুয়ারী, ২০২১