১০ ফেব্রুয়ারী, ২০২৩ ০৩:৪৪ পিএম

বেসরকারি মেডিকেলে ভর্তি: ৪০ পেলে হবে না, মেধাক্রমে থাকতে হবে ৩০ হাজারের মধ্যে

বেসরকারি মেডিকেলে ভর্তি: ৪০ পেলে হবে না, মেধাক্রমে থাকতে হবে ৩০ হাজারের মধ্যে
‘যারা বেশি টাকা দিয়ে পেছনে সিরিয়ালে  থেকে ভর্তি হয়ে পড়াশোনার পরিবেশ নষ্ট করে, তাদের কারণে ভালো শিক্ষার্থীরা ভর্তি হতে না পেরে হীনমন্যতায় ভোগে।’

মেডিভয়েস রিপোর্ট: বেসরকারি মেডিকেল কলেজে তুলনামূলক যোগ্য ও মেধাবী শিক্ষার্থীদের স্থান দিতে এবার এমবিবিএস ভর্তিতে নতুন নিয়ম চালু করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। নতুন এ নিয়মে বলা হয়েছে, পাস নম্বর ৪০ পেলেই হবে না, মেধাক্রমে থাকতে হবে ৩০ হাজারের মধ্যে।

আজ শুক্রবার (১০ ফেব্রয়ারি) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. আবুল বাশার মো: জামাল মেডিভয়েসকে এ তথ্য জানিয়েছেন।  

তিনি বলেন, ‘বেসরকারি মেডিকেলে ভর্তি জালিয়াতি বন্ধে চালু হলো অটোমেশন পদ্ধতি। নতুন শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া হবে সফটওয়্যারে। ভর্তিতে পাস নম্বর ৪০ হলেই হবে না, মেধাক্রমে থাকতে হবে ৩০ হাজারের মধ্যে। ফলে অনিয়ম ও অর্থের বিনিময়ে ভর্তির সুযোগ বন্ধ হবে।’

তিনি আরও বলেন, ‘ধরেন কোন বেসরকারি মেডিকেল কলেজে ৫০টি সিট আছে। তারা প্রথম দিকের সিরিয়াল থেকে ২০-২৫ জন শিক্ষার্থী ভর্তি করে, পরে বেশি টাকার বিনিময়ে একেবারে পেছন দিক থেকে টান দিয়ে শিক্ষার্থী ভর্তি করান। সিরিয়ালে আগে থাকা সত্ত্বেও যাদের পক্ষে ১৮ বা ২০ লাখ টাকার বেশি দেওয়া সম্ভব নয়, তারা তখন আর সুযোগ পাচ্ছে না। এরা কিন্তু তুলনামূলক মেধাবী, হয়তো সামান্য কয়েক নাম্বারের জন্য সরকারি মেডিকেলে সুযোগ পায়নি।’

অধ্যাপক ডা. জামাল বলেন, ‘বাবা-মা কষ্ট করে জমি-জমা বিক্রি করে হলেও ১৮-২০ লাখ টাকা যোগাড় করে দিতে পারবে, কিন্তু ৫০ লাখ টাকা দিতে পারবে না। বেসরকারি মেডিকেল কলেজগুলোর বেশি লাভের জন্য যোগ্য ও মেধাবী শিক্ষার্থীরা ভর্তি হতে বঞ্চিত হতেন।’

তিনি বলেন, ‘যারা বেশি টাকা দিয়ে পেছনে সিরিয়ালে থেকে ভর্তি হয়ে পড়াশোনার পরিবেশ নষ্ট করে, এদের কারণে আর ভালো শিক্ষার্থীরা ভর্তি হতে না পেরে হীনমন্যতায় ভোগে। বেসরকারি মেডিকেল কলেজ মালিকদেরকেও বুঝাতে সক্ষম হয়েছি। তারা এতো দিনে বুঝতে পেরেছেন কোয়ালিটি উন্নতি না করলে, তারাও টিকবেন না। বেশিরভাগ প্রাইভেট মেডিকেলের শিক্ষক-শিক্ষার্থীরা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।’

‘ভর্তিতে অনিয়ম এবং বেশি লাভ করতে গিয়ে অনেকগুলো প্রাইভেট মেডিকেল কলেজ অর্থনৈতিকভাবে ধুঁকছে। শিক্ষার্থী পাচ্ছে না। এ জন্য অটোমেশন ও মেধা তালিকার নিয়ম একটি যুগোপযোগী সিদ্ধান্ত বলে মনে করি,’ যোগ করেন এবিএম ডা. জামাল।’

প্রসঙ্গত, দেশের মেডিকেল কলেজগুলোর ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১০ মার্চ। গত ৩০ জানুয়ারি দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সকল অংশীজনকে নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমন সিদ্ধান্ত হয়েছে। ৩৭টি সরকারি মেডিকেলে আসন ৪ হাজার ৩৫০টি। আর ৭২টি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাবেন ৬ হাজার ১৬৮ জন। 

গত বছর মেডিকেলে ভর্তি পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৯ হাজার শিক্ষার্থী । ৪০ নম্বর পেয়ে পাস করে ৭৯ হাজারেরও বেশি। যেখানে মোট আসন ১০ হাজার ৫১৮টি।

এএইচ/এমইউ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : এমবিবিএস ভর্তি পরীক্ষা
  এই বিভাগের সর্বাধিক পঠিত