সৈয়দ নজরুল মেডিকেলকে দেশসেরা পর্যায়ে দেখতে চান ডা. হেলাল
মেডিভয়েস রিপোর্ট: কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালকে দেশসেরা মেডিকেল কলেজ হাসপাতালের সমপর্যায় নিয়ে যেতে চান নবনিযুক্ত পরিচালক ডা. মো. হেলাল উদ্দিন।
আজ সোমবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মেডিভয়েসকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
যে কোনো হাসপাতালের তুলনায় ভালো চিকিৎসার প্রত্যাশা
ডা. হেলাল বলেন, ‘আমি কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসেবে কর্মরত ছিলাম। স্বাস্থ্যসেবায় এটি সারাদেশে জেলা পর্যায়ের হাসপাতালগুলোর মধ্যে প্রথম হয়েছে। এজন্য আমি স্বাস্থ্যমন্ত্রী পুরস্কার পেয়েছি। এখন আমার লক্ষ্য হচ্ছে, সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতালকে থেকে মানুষ যাতে যে কোনো মেডিকেল কলেজ হাসপাতালের তুলনায় ভালো একটি সেবা পান, সে রকম অবস্থায় নিয়ে যেতে চেষ্টা করবো।’
তিনি বলেন, ‘এ হাসপাতালটি একটি ঐতিহ্যবাহী হাসপাতাল। কিশোরগঞ্জের প্রায় ৩৫ লাখ মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার আকাঙক্ষার প্রতীক হয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। সাম্প্রতিক সময়ে হাসপাতালটিকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে নেতিবাচক খবর প্রকাশিত হয়েছে। যেখানে বলা হয়েছে, মানুষ ঠিকমতো সেবা পাচ্ছে না।’
এ অবস্থা থেকে উত্তরণের জন্য চিকিৎসক, নার্সসহ সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীকে হাসপাতালে যথাসময়ে উপস্থিতি নিশ্চিতের চেষ্টা করবো। তিন শিফটে যেন মানুষ সেবা পান, সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিবো। পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে কাজ করবো,’ যোগ করেন তিনি।
বদনাম সুনামে পরিণত করার প্রত্যয়
নবনিযুক্ত এ পরিচালক আরও বলেন, ‘চাকরি জীবনের মাত্র দুই বছর বাকি আছে। এ সময়ে সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করবো হাসপাতালের বদনাম গুছিয়ে সুনামে পরিণত করতে। আমার কাছে মনে হয়েছে, এখানে চিকিৎসক সংকট আছে, তবে নার্স পর্যাপ্ত আছে। চতুর্থ শ্রেণির কর্মচারীর (আয়া-বুয়া, ওয়ার্ডবয় ও সুইপার) অনেক সংকট আছে। এ ছাড়া টেকনোলোজিস্ট একেবারেই কম। এসব সমস্যা নিরসনে জনবল পেতে যেখানে যেখানে যোগাযোগ করা দরকার, সবখানে যাবো এবং তাৎক্ষণিক সমাধানের জন্য সীমিত যে জনবল আছে, তা দিয়ে সর্বোচ্চ সেবা দেওয়া চেষ্টা করবো।’
পরিচিতি
ডা. হেলালের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার রৌহা এলাকায়। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে (এম-২১ ব্যাচ) এমবিবিএস পাস করেন। এরপর ১৭তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন তিনি। পরবর্তীতে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার, স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক, নরসিংদী জেলা সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পালন করেন এ স্বাস্থ্য প্রশাসক। এরপর আবারও তিনি স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক (সিডিসি) এবং শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
প্রসঙ্গত, সোমবার (৬ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. মো. হেলাল উদ্দিন। এর আগে তিনি কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার বা শনিবারে নতুন কর্মস্থলে যোগদান করবেন তিনি।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (পার-২ শাখা) সিনিয়র সহকারী সচিব মো. আলমগীর কবীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের কর্মকর্তা ডা. মো. হেলাল উদ্দিনকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল, কিশোরগঞ্জের পরিচালক হিসেবে বদলি/পদায়ন করা হলো। বদলি/পদায়ন করা এই কর্মকর্তা আগামী তিন কর্মদিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ৪র্থ কর্মদিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অব্যাহতি বলে গণ্য হবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অবমুক্তির সময় তিনি বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ করবেন এবং এইচআরএম ডাটাবেজ থেকে মুভ আউট হবেন এবং যোগদানের পর ন্যস্তকৃত বিভাগে/কর্মস্থলে যুক্ত হবেন।
অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপিটি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক (প্রশাসন/এমআইএস), বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিবসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হলো।
এএইচ/এমইউ
-
০৬ ফেব্রুয়ারী, ২০২৩