১৮ জানুয়ারী, ২০২৩ ০৫:০৪ পিএম

স্বাস্থ্যখাতে প্রশিক্ষিত জনবলের ঘাটতি রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতে প্রশিক্ষিত জনবলের ঘাটতি রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
দেশের বিভিন্ন উপজেলায় ৪৫টি কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধন উপলক্ষে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্যখাতে প্রশিক্ষিত জনবলের ঘাটতি রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তবে ঘাটতি পূরণে জনবলের নতুন অবকাঠামো জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।

আজ বুধবার (১৮ জানুয়ারি) দেশের বিভিন্ন উপজেলায় ৪৫টি কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধন উপলক্ষে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘আজ দেশের ৪৫ উপজেলায় কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে ৭টি বিভাগের ৩৯টি জেলার ১৩৫টি উপজেলায় সমন্বিত চক্ষু চিকিৎসা ব্যবস্থা চালু হয়েছে। আর নতুন এ কমিউনিটি ভিশন সেন্টার স্থাপনের ফলে দেশের প্রায় তিন ভাগের এক ভাগ মানুষ উন্নত চক্ষু সেবার আওতায় আসবে।’

তিনি বলেন, ‘দেশের প্রত্যন্ত এলাকায় মানুষের চক্ষু চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে কমিউনিটি ভিশন সেন্টারের কোনো বিকল্প নেই। এ কমিউনিটি ভিশন সেন্টার প্রতিষ্ঠায় ডিজিটাল প্রযুক্তি সর্বোচ্চ ব্যবহার করা হয়েছে।’

স্বাস্থ্য ব্যবস্থার মান উন্নত হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা ৪টি কমিটি তৈরি করেছি এবং এর মাধ্যমে সারাদেশের স্বাস্থ্য ব্যবস্থা তদারকি করা হচ্ছে। আমরা প্রতিটি হাসপাতালে জনগণের উপস্থিতি ও সব যন্ত্রপাতি সচল রাখাসহ স্বাস্থ্য সেবার মান উন্নয়নের বিষয়গুলো ভালোভাবে গুরুত্ব দিচ্ছি।’

বিরোধী দলকে উদ্দেশ্য করে জাহিদ মালেক বলেন, ‘সরকার দেশে অনেক উন্নয়ন করছে। কিন্তু বিরোধী দলগুলো সেই উন্নয়ন চোখে দেখে না। তাদের কমিউনিটি ভিশন সেন্টার অথবা চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে এনে চক্ষু পরীক্ষা করে ছানি দূর করতে পারলে, তখন সব উন্নয়ন দেখবে।’

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আনোয়ার হোসেন হাওলাদার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদসহ আরও অনেকে।

এসএস

 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্যখাত
  এই বিভাগের সর্বাধিক পঠিত