মেডিকেল অলিম্পিয়াডে বিজয়ী ঢাকা মেডিকেল কলেজ
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল অলিম্পিয়াডের ফাইনালে বিজয়ী হয়েছে ঢাকা মেডিকেল কলেজ ও রানার্সআপ হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ।
আজ শনিবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের প্লানেটারি হেলথ একাডেমিয়া (পিএইচএ) ও প্ল্যাটফর্মের যৌথ আয়োজনে এ অলিম্পিয়াড হয়। এ সময় স্টেজ পারফর্মেন্সের হাড্ডা-হাড্ডি লড়াইয়ে জমে উঠে অলিম্পিয়াডের ফাইনাল রাউন্ড। প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অলিম্পিয়াডে বিজয়ী ঢাকা মেডিকেল কলেজের পক্ষে নেতৃত্ব দিয়েছেন পঞ্চম বর্ষের শিক্ষার্থী ইব্রাহিম খলিল ও রাজশাহী মেডিকেল কলেজের পক্ষে নেতৃত্ব দিয়েছেন মো. মুহতাসিম রহমান মাহির। এছাড়া তৃতীয় স্থান অর্জন করা গ্রিন লাইফ মেডিকেল কলেজের পক্ষে নেতৃত্ব দিয়েছেন সিমান্ত মোডাক।
ফাইনালে বিজয়ী ও রানার্স আপ দলকে ট্রফি ও মেডেল তুলে দেওয়া হয়। ট্রফি ছাড়াও বিজয়ী দল ২০২৩ সালে ইন্দোনেশিয়ার মেডিকেল অলিম্পিয়াডে যাওয়ার জন্য বিমানের টিকিট দেওয়া হবে। এছাড়াও রানার্স আপ দল পাবে ভারত অথবা নেপালের অলিম্পিয়াডের টিকিট। বাংলাদেশ মেডিকেল অলিম্পিয়াডের আরেক আকর্ষণ থাকবে মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে কর্মশালা।
এর আগে সকাল ৮ টায় শুরু হওয়া ১৬ দলের সেমিফাইনালে আটজন ফাইনাল রাউন্ডে যাওয়ার সুযোগ পান। সেমিফাইনালে প্রথম হয়েছে ঢাকা মেডিকেল কলেজ, আর এতে নেতৃত্ব দিয়েছেন ইব্রাহিম খলিল। এরপর দ্বিতীয় স্থান অর্জন করেছে এসটিএমসি, দলটির নেতৃত্বে দিয়েছেন তুর্জয়। তৃতীয় হয়েছে গাউসুল আজমের নেতৃত্বে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। এছাড়া চূড়ান্ত পর্বে পৌঁছেছে গ্রীন লাইফ মেডিকেল কলেজ, প্রাইম মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের দ্বিতীয় দল, রাজশাহী মেডিকেল কলেজ ও কক্সবাজার মেডিকেল কলেজ।