রামেবিতে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিষয়ক কর্মশালা
মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (রামেবি) বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২১ ডিসেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের সভা কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
রামেবি উপাচার্য অধ্যাপক ডা. এজেডএম মোস্তাক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হোন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সচিব ড. ফেরদৌস জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামেবি’র ট্রেজারার অধ্যাপক ড. রুস্তম আলী আহমেদ।
অনুষ্ঠানে ড. ফেরদৌস জামান বলেন, ‘কর্মক্ষেত্রে জবাবদিহিতা, আর্থিক শৃঙ্খলা ও সরকারি বিধি-বিধান মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে নিয়মের মধ্যে থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা করা প্রয়োজন।’
সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. এজেডএম মোস্তাক হোসেন বলেন, ‘রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় বা সরকারের সকল সেবা প্রতিষ্ঠানের প্রত্যেকে যদি তাদের উপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সহিত পালন করেন, তাহলে জাতির পিতার 'স্বপ্নের সোনার বাংলা' গড়ার প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত ও জাতীয় অর্থনৈতিক কাউন্সিল কর্তৃক প্রণীত 'রূপকল্প ২০৪১' বা 'বাংলাদেশ ভিশন ২০৪১' বাস্তবায়নের দিকে আমরা সঠিকভাবেই এগিয়ে যাবো।’
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. আনোয়ারুল কাদের এবং উপ-রেজিস্ট্রার ও বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নের ফোকাল পয়েন্ট ডা. আমিন আহমেদ খান।
আরো ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো. আনোয়ার হাবিব, রামেবির পরিচালক (প.উ.) ইঞ্জিনিয়ার মো. সিরাজুম মুনীর, পরিচালক ( অ.হি.) ডা. মো. জাকির হোসেন খোন্দকার, কলেজ পরিদর্শক অধ্যাপক ডা. মোহাম্মদ মোসাদ্দেক হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের ৩৫ জন কর্মকর্তা।
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী জাতীয় শুদ্ধাচার কৌশল এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) শেষ হবে।
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা কবির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।