প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসকের ফেসবুক আইডি হ্যাকড, বিভ্রান্ত না হওয়ার আহ্বান
মেডিভয়েস রিপোর্ট: প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক, ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহর ফেসবুক আইডি হ্যাক হয়েছে। হ্যাকাররা সোমবার (২৮ নভেম্বর) রাতে আইডিটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয় বলে জানা গেছে।
অধ্যাপক এবিএম আবদুল্লাহ আজ মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'আমার আইডিটা হ্যাক হয়ে গেছে। গত দুই দিন ধরে এ অবস্থা। প্রথমে আমি বুঝিনি। বারবার ম্যাসেজ আসছিল, চক্রটি ছবি ও পাসওয়ার্ড পাঠাতে বলছিল। অবগত ছিলাম না বলে পাঠাচ্ছিলাম। পরে দেখি আইডি বন্ধ হয়ে গেছে। আমার মুঠোফোন থেকে আইডিতে আর ঢুকতে পারছি না। সঠিক ইউজার আইডি, পাসওয়ার্ড দিয়েও প্রবেশ করা যাচ্ছে না।’
বিষয়টি পুলিশের সাইবার ক্রাইম ইউনিটকে জানানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘তাদের পরামর্শে এ নিয়ে সোমবার দিবাগত রাত ১২টার দিকে রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কারণ আমার নামে কেউ এর অপব্যবহার করলে সমস্যা হয়ে দাঁড়াবে।’
এ পরিস্থিতিতে অপ্রত্যাশিত কোনো তথ্যে বিভ্রান্ত না হওয়ার পাশাপাশি এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এই মেডিসিন বিশেষজ্ঞ।
অধ্যাপক এবিএম আবদুল্লাহ বলেন, ‘আমার নামে কেউ কোনো অনাঙিক্ষত কিছু পাঠালে ভুল বুঝবেন না। দয়া করে এড়িয়ে যাবেন। পুলিশ এ ব্যাপারে অবগত আছে। তারা পদক্ষেপ নিবেন।’