৪০তম বিসিএসে নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের যোগদান ৪ ডিসেম্বর
মেডিভয়েস রিপোর্ট: ৪০তম বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের আগামী রোববার (৪ ডিসেম্বর) যোগদানপত্র গ্রহণ করা হবে। ওইদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে এই যোগদানপত্র গ্রহণ করা হবে।
আজ মঙ্গলবার ( ২২ নভেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ অধিশাখার যুগ্ম-সচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘৪০তম বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের আগামী রোববার (৪ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে (ভবন নং-৩, ৪র্থ তলা, বাংলাদেশ সচিবলায়, ঢাকা) যোগদানপত্র গ্রহণ করা হবে। নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকগণকে যোগদানের সময় নিম্নোক্ত কাগজপত্রাদি দাখিল করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ’
এতে আরও বলা হয়েছে, ‘যোগদানপত্র (স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়/স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত নির্ধারিত দুই কপি ফরমেট পূরণপূর্বক)। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের ০১.১১.২০২২ খ্রি. তারিখের ০৫.০০.০০০০.১৪৭.১১.০০৮.২২-২৫৩ নং প্রজ্ঞাপনের অনুচ্ছেদ (ঝ) ও (ট) এ বর্ণিত বিধান মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্রাদি পদায়নকৃত কর্মস্থলে সংশ্লিষ্ট সিভিল সার্জনের কার্যালয়ে দাখিল করতে হবে।’