২৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৩৫ পিএম

স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির প্রথম বৈঠক, হাসপাতালে পর্যাপ্ত জনবল নিয়োগের সুপারিশ

স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির প্রথম বৈঠক, হাসপাতালে পর্যাপ্ত জনবল নিয়োগের সুপারিশ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট:  ১৩তম জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে হাসপাতালগুলোর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও চিকিৎসাসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় সংখ্যক জনবল দ্রুত নিয়োগের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে দেশের উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালগুলোর চিকিৎসাসেবার পরিধি বাড়ানো এবং বিভিন্ন বিশেষায়িত সেবা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সংসদ ভবন কমপ্লেক্সে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এস. এম. রফিকুল ইসলাম।

বৈঠকে জানানো হয়, দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার পরিধি বাড়ানোর উদ্যোগ অব্যাহত রয়েছে। পাশাপাশি জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), ডায়ালাইসিস সেন্টার এবং ক্যান্সার, কিডনি ও হৃদরোগের চিকিৎসাকেন্দ্র স্থাপনের কার্যক্রম এগিয়ে চলছে।

এ ছাড়া জনস্বাস্থ্য সুরক্ষা, ওষুধ নিয়ন্ত্রণ, পুষ্টি গবেষণা, হাসপাতাল ও ফার্মেসি ব্যবস্থাপনা এবং ‘শিশু স্বর্গ’ উদ্যোগের আওতায় শিশুদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে বলে বৈঠকে জানানো হয়। চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা, সৌরবিদ্যুতের ব্যবহার, প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে সশস্ত্র আনসার সদস্য মোতায়েন এবং স্বাস্থ্য কার্ড চালুর কার্যক্রমও অব্যাহত রয়েছে।

বৈঠকে বিভিন্ন ধরনের টিকার বর্তমান মজুত পরিস্থিতির ওপর বিশেষ নজর দেওয়া, ডেঙ্গু প্রতিরোধ, পরিবার পরিকল্পনা কার্যক্রম, গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা, বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা এবং বিদ্যালয়ভিত্তিক স্বাস্থ্যশিক্ষা কর্মসূচি জোরদারের সুপারিশ করা হয়।

এ ছাড়া স্যাটেলাইট ক্লিনিকগুলোর কার্যক্রম আরও শক্তিশালী করার পাশাপাশি সর্বোপরি স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্ব দেওয়ার সুপারিশ করেছে কমিটি।

বৈঠকে দুর্নীতির বিরুদ্ধে সতর্কতা অবলম্বন এবং ‘ফ্যাসিস্টদের’ কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। হাসপাতালগুলোর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সংখ্যক জনবল নিয়োগে দ্রুত পদক্ষেপ নেওয়ারও সুপারিশ করা হয়েছে।

এসময় কমিটির সদস্য ও মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, মো. আব্দুস সালাম, আবু মনসুর সাখাওয়াত হাসান, ইকরামুল বারী টিপু, মো. আনোয়ারুল হক, শামীম আরা বেগম স্বপ্না, মো. আব্দুল বারী সরদার এবং মাহমুদা আলম মিতু। এছাড়াও স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক