২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫৬ এএম

উপকূলে বৈরী আবহাওয়া: সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

উপকূলে বৈরী আবহাওয়া: সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
ছবি: সংগৃহীত ও সম্পাদিত

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে দেশের আবহাওয়া পরিস্থিতি বৈরী রূপ নিয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের ১১টি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

দুর্ঘটনা এড়াতে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় জানানো হয়, যশোর, কুষ্টিয়া, পাবনা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে এই শক্তিশালী ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এদিকে, সাগরে গভীর নিম্নচাপের কারণে দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। বুধবার সন্ধ্যায় দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানায়, গভীর নিম্নচাপটি চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৮০ থেকে ৯৭০ কিলোমিটারের মধ্যে (দক্ষিণ-পশ্চিমে) অবস্থান করছিল।

নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর উত্তাল থাকায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে ভারী বৃষ্টির সতর্কতাও দেওয়া হয়েছে। রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশালের কিছু এলাকায় অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

টানা বৃষ্টির প্রভাবে সারা দেশেই ভ্যাপসা গরম কমে তাপমাত্রা কিছুটা নিম্নমুখী হয়েছে। মঙ্গলবার যেখানে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুরে (৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস), সেখানে বুধবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনীতে (৩৫ ডিগ্রি সেলসিয়াস)। রাজধানী ঢাকায়ও তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি কমে ৩২.৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত