‘জনসংখ্যা বৃদ্ধির গতি যাই হোক, প্রতিটি দেশের উচিত কার্যকর পদক্ষেপ নেওয়া’
মেডিভয়েস রিপোর্ট: ‘৮০০ কোটির পৃথিবী: সবার সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আজ বৃহস্পতিবার (২১ জুলাই) দেশব্যাপী নানা অনুষ্ঠানের মধ্যে পালন করা হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২২।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতাধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তর উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে দিবসটি উদযাপন করেছে।
রাজধানীর কারওয়ান বাজারে পরিকল্পনা অধিদপ্তরে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, আসছে নভেম্বরে বিশ্ব ৮০০ কোটি জনসংখ্যার মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে, যা প্রতিটি দেশের অন্য জনসংখ্যা বিষয়ক গৃহীত সকল কার্যক্রম পর্যালোচনার একটি গুরুত্বপূর্ণ মুহূর্তও বটে। জনসংখ্যা বৃদ্ধির গতি যাই হোক না কেন, প্রতিটি দেশের উচিত এখনই দৃঢ় ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১), সাহান আরা বানু, এনডিসি। আমন্ত্রিত সকলের আসন গ্রহণের পর পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ শেষ হলে পরিবেশিত হয় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২২ এর প্রতিপাদ্য সঙ্গীত (theme song) ও প্রামাণ্য চিত্র।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. আনোয়ার হোসেন হাওলাদার এবং অতিথি হিসেবে বক্তব্য রাখেন UNFPA, Bangladesh Representative Kristine Blokhus।
অনুষ্ঠানে ‘শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা কর্মী’, ‘শ্রেষ্ঠ সেবাদানকারী প্রতিষ্ঠান’ ও ‘পরিবার পরিকল্পনা মিডিয়া এওয়ার্ড-2022’ পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।