১১ জুন, ২০২২ ০৭:১৫ পিএম

বিভিন্ন দাবিতে সলিমুল্লাহর ডেন্টাল শিক্ষার্থীদের ক্লাস বর্জন

বিভিন্ন দাবিতে সলিমুল্লাহর ডেন্টাল শিক্ষার্থীদের ক্লাস বর্জন
দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে আগামী সাত দিন ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

মেডিভয়েস রিপোর্ট: অকাঠামো উন্নয়নসহ বিভিন্ন দাবিতে সমাবেশ করেছেন রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (এসএসএমসি) ডেন্টাল ইউনিটের শিক্ষার্থীরা। দাবি আদায়ে আগামী সাত দিন ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন তারা। আজ শনিবার (১১ জুন) ক্যাম্পাসে সমাবেশ থেকে এ আল্টিমেটাম দেওয়া হয়।

তাঁরা জানান, সলিমুল্লাহ মেডিকেল কলেজে ২০১১ সাল থেকে ডেন্টাল ইউনিটের কার্যক্রম শুরু হয়। আগামীকাল ১১তম ব্যাচের ভর্তি কার্যক্রম শুরু হবে। শুরু থেকেই ডেন্টাল ইউনিট শিক্ষার্থীদের এসব সমস্যা চলছে। বারবার কর্তৃপক্ষকে বলার পরও এর কোনো সমাধান হয়নি। ফলে বাধ্য হয়েই সমাবেশের ডাক দেন তাঁরা।

ডেন্টাল শিক্ষার্থীদের দাবি-দাওয়া

১. শিক্ষার্থীদের জন্য আলাদা লেকচার গ্যালারি নির্মাণ, 
২. ফাইনাল ইয়ারে বিষয়ভিত্তিক ডিপার্টমেন্ট আলাদা করা ও ক্লিনিক্যাল প্র্যাকটিসের সুযোগ সৃষ্টি করা, 
৩. ইন্টার্ন চিকিৎসকদের জন্য পর্যাপ্ত ক্লিনিক্যাল সুবিধা নিশ্চিত করা, 
৪. ডেন্টালের জন্য আলাদা যন্ত্রপাতির ব্যবস্থা করা,
৫. ক্লাসগুলোতে ওয়াশরুমের ব্যবস্থা করা।
৬. ছেলেদের হোস্টেলে ডাইনিং, পানি ও সার্বক্ষণিক নিরাপত্তাকর্মী মোতায়েনের ব্যবস্থা করা, 
৭. মেয়েদের হোস্টেল আসন বাড়িয়ে পড়াশোনা ও বসবাসের উপযোগী করা। 
৮. শিক্ষকদের জন্য বসার সুন্দর ব্যবস্থা করা।

সূত্রে জানা গেছে, সলিমুল্লাহ মেডিকেলের ডেন্টাল ইউনিটের সামগ্রিক সমস্যা নিয়ে গতকাল শুক্রবার (১০ জুন) তারা বর্তমান অধ্যক্ষ অধ্যাপক ডা. নুরুল হুদা লেলিনের কাছে আবেদন জানান। কিন্তু তিনি কোনো সন্তোষজনক উত্তর দেননি।

এর পর দাবি-দাওয়া আদায়ে আজ শনিবার (১১ জুন) ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ ডাকেন তারা। দাবি-দাওয়া পূরণ না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে বলেও জানান তারা।

শিক্ষার্থীরা জানান, ‘আমরা সাত দিনের আল্টিমেটাম দিয়েছি, এর মধ্যে কাজের অগ্রগতি না দেখলে আমরা পুনরায় মাঠে নামবো। একাডেমি-আবাসনসহ সকল দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ক্লাসে ফিরবো না।’

তারা আরও বলেন, ‘ডেন্টাল শিক্ষার্থীরা কোনো বিলাসদ্রব্য চায়নি যে, তাদের দাবিগুলো পূরণ করা যাবে না। আমরা শুধু আমাদের ন্যায্য অধিকার, শিক্ষার্থী হিসেবে যে অধিকার ও সুযোগ-সুবিধাগুলো পাওয়া উচিত, সেগুলোর দাবিই জানিয়েছি। এটা মেনে নেওয়া অবশ্যই কলেজ কর্তৃপক্ষের দায়িত্বের মধ্যে পড়ে। কর্তৃপক্ষ এগুলো পূরণ করতে না পারলে তাঁরা লিখিতভাবে নিজেদের অপারগতার কথা যথাযথ কর্তৃপক্ষকে জানান! আমরা সাধারণ শিক্ষার্থীরা কেন ভুক্তভোগী হবো! সবাই এখানে নিজেদের মেধা ও যোগ্যতা দিয়ে এসেছি। আশা করছি, দাবিগুলো পূরণ করে আমাদের ক্লাসে ফেরার সুযোগ করে দেওয়া হবে।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত