‘শিগগিরই বিএসএমএমইউতে লিভার প্রতিস্থাপন শুরু’
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শিগগিরই লিভার প্রতিস্থাপনের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
আজ রোববার (২৯ মে) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ে নিজ কার্যালয়ে সঙ্গে ভারতের চার সদস্যের লিভার প্রতিস্থাপন বিশেষজ্ঞ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি।
লিভার প্রতিস্থাপন বিষয়ে অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ে লিভার প্রতিস্থাপনের সকল ব্যবস্থাই আছে। করোনার পরবর্তী সময়ে আমাদের এখানে যতদ্রুত সম্ভব লিভার প্রতিস্থাপন কাজ শুরু করা হবে। এজন্য সব কারিগরি বিষয়গুলো প্রস্তুত রাখা হয়েছে।
সৌজন্য সাক্ষাৎকালে বিএসএমএমইউর ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বাংলাদেশ ও ভারতের সুদীর্ঘকালের সম্প্রীতি তুলে ধরেন।
এ সময় বিএসএমএমইউর ডিন (নার্সিং অনুষদ) অধ্যাপক ডা. দেবব্রত বনিক, প্রক্টর অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলাল, হেপাটোবিলিয়ারি পেনক্রিয়েটিক ও লিভার প্রতিস্থাপন সার্জারি বিভাগের চেয়ারম্যান ডা. মোহাম্মদ মোহছেন চৌধুরী, অধ্যাপক ডা. বিধান চন্দ্র দাস, সহযোগী অধ্যাপক ডা. মো. নূর-ই-এলাহী, সহযোগী অধ্যাপক ডা. সাইফ উদ্দিন, ভারতের পক্ষে হায়দ্রবাদ এইজি হাসপাতালের পরিচালক এ্যান্ড এইচওডি (লিভার প্রতিস্থাপন) ডা. পি বালাচন্দ্র, পরিচালক (লিভার এনেস্থিয়া) ডা. জিভি প্রেম কুমার, এইআইজি হাসপাতালের ভিপি সান্তোষ কুমার সাহা, এআইজি হাসাপাতালের জেনারেল ম্যানেজার নিলাদ্রী বি শ্যামল উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ভারতের এ চিকিৎসক প্রতিনিধি দল বাংলাদেশে দুদিন অবস্থান করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোবিলিয়ারি বিভাগের শিক্ষক, শিক্ষার্থীদের সাথে নিজেদের লিভার প্রতিস্থাপনের বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করবেন। তারা ভর্তিকৃত রোগীদের চিকিৎসার বিষয়ে মতামত দেবেন।