বিএমএ’র নাম ব্যবহার করে মোবাইলে প্রতারণা, সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) নাম ভাঙিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এনে Strong Guard bd pvt ltd নামে একটি প্রতারক চক্রের বিষয়ে সতর্ক করেছে চিকিৎসকদের জাতীয় সংগঠনটি।
আজ বুধবার (১৮ মে) বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের দপ্তর সম্পাদক ডা. মোহা. শেখ শহীদ উল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, একটি প্রতারক চক্র Strong Guard bd pvt ltd নামে একটি ফেসবুক পেজ থেকে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের নাম ও ঠিকানা ব্যবহার করে বিভিন্ন জনের মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও মোবাইল ফোনে টেক্সট মেসেজ পাঠিয়ে চাকরিতে নিয়োগের লোভনীয় বিজ্ঞপ্তি প্রদান করছে এবং আবেদন ফির নামে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা গ্রহণ করছে। বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন এ ধরনের কোনও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে নাই এবং কোনও পদে লোক নিয়োগ করছে না। বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন ভবনে ‘Strong Guard bd pvt ltd’ নামে কোন প্রতিষ্ঠানের অস্তিত্ব নাই।’
এতে আরও বলা হয়েছে, ‘অতএব সকলে সতর্ক হোন ও নিরাপদে থাকুন। এ ধরনের প্রতারক চক্রের কেউ আপনার সাথে যোগাযোগ করলে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করুন। এরপরও প্রতারক চক্রের লোভনীয় ফাঁদে পড়ে কেউ যদি আর্থিক ক্ষতির সম্মুখীন হন, সেজন্য বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন কর্তৃপক্ষ দায়ী থাকবে না।’