উচ্চতর গ্রেডে উন্নীত বিএসএমএমইউর ৩৫ শিক্ষক-চিকিৎসক-কর্মকর্তা
মেডিভয়েস রিপোর্ট: উচ্চতর বিভিন্ন গ্রেডে উন্নীত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিক্ষক, কনসালট্যান্ট, মেডিকেল অফিসার, চিকিৎসক ও কর্মকর্তাসহ মোট ৩৫ জন।
আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় শহীদ ডা. মিল্টন হলে উচ্চতর গ্রেডে উন্নীতকরণের চিঠি সংশ্লিষ্টদের হাতে হাতে তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
বিএসএমএমইউর জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন সকলকে সমান চোখে দেখে। সবার কাজের মূল্যায়ন করে। দীর্ঘদিন ধরে যারা একই গ্রেডে কাজ করেছেন আমরা তাদেরকে উচ্চরত গ্রেডে উন্নীত করেছি। এতে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি পাবে।
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, অতিরিক্ত রেজিস্ট্রার মুহাম্মদ সালাহ উদ্দিন সিদ্দিক, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. ফারুক হোসেন, সার্জিক্যাল অনকোলোজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. রাসেল, উপ-রেজিস্ট্রার সহকারী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৬ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ৪০ জন কর্মকর্তা কর্মচারীকে উচ্চতর গ্রেডে পদোন্নতি দেওয়া হয়।