সরকারি মেডিকেলে ভর্তি শুরু ৮ মে
মেডিভয়েস রিপোর্ট: ২০২১-২২ শিক্ষাবর্ষের সরকারি মেডিকেলে এমবিবিএস প্রথমবর্ষে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শুরু ৮ মে। বুধবার (২০ এপ্রিল) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব মো. আবদুল কাদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রতি সদয় দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, ২০২১-২২ শিক্ষাবর্ষে সরকারি/বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে দেশি শিক্ষার্থী ভর্তির সময়াবদ্ধ কর্মপরিকল্পনা নির্দেশক্রমে নিম্নরূপভাবে অনুমোদন করা হলো।’
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি কার্যক্রম ৮ মে থেকে শুরু হয়ে ১৮ মে পর্যন্ত চলবে। এ ছাড়া ক্লাস শুরু হবে ১ আগস্ট।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা), সচিবের একান্ত সচিব, অতিরিক্ত সচিব (চিকিৎসা শিক্ষা) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, যুগ্ন সচিবসহ (চিকিৎসা শিক্ষা) সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।