২৫ মার্চ, ২০২২ ০৫:৩২ পিএম

সফল অস্ত্রোপচারে ফুসফুস প্রতিস্থাপন: ক্যান্সার থেকে মুক্তি

সফল অস্ত্রোপচারে ফুসফুস প্রতিস্থাপন: ক্যান্সার থেকে মুক্তি
ক্যানসারজয়ী আলবার্ট বলেন, ‘আমার জীবন শূন্য থেকে আবার একশতে পৌঁছে গেছে। আমি এক বছর একবারের জন্যও হাসতে পারিনি। এখন হাসতে পারছি।’ ছবি: সংগৃহীত

মেডিভয়েস ডেস্ক: যুক্তরাষ্ট্রে আলবার্ট খুরি নামের এক ব্যক্তির দেহে সফলভাবে দুইটি ফুসফুস প্রতিস্থাপন করেছেন চিকিৎসকরা। বৃহস্পতিবার (২৪ মার্চ) যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম ‘দি সিয়াটল টাইম’ এ তথ্য নিশ্চিত করে।

এ বিষয়ে শিকাগোর নর্থওয়েস্টার্ন মেডিসিন হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান ও ক্যানিং থোরাসিক ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডা. অনিকেত ভারত বলেন, এটি অত্যন্ত বিরল অস্ত্রোপচার, যা নির্দিষ্ট ধরনের ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত রোগীদের জন্য নতুন দ্বার উন্মোচিত হলো।

তিনি আরও বলেন, ৫৪ বছর বয়স্ক আলবার্ট খুরির যখন অপারেশন করা হয়, তখন তার পুরো ফুসফুসে ক্যান্সার ছড়িয়ে পড়েছিল। এ পর্যায়ে ফুসফুস প্রতিস্থাপনে কোনো চিকিৎসকই সায় দেবেন না। কিন্তু গত বছর ২৫ সেপ্টেম্বর নতুন ফুসফুস প্রতিস্থাপন করা হয় এবং সাত ঘণ্টা ধরে ওই অস্ত্রোপচার চলে। ছয় মাস পরও ফুসফুস সুন্দরভাবে কাজ করছে এবং তিনি এখন ক্যান্সারমুক্ত। এ পর্যায় থেকে কাউকে বাঁচিয়ে আনা এতদিন অসম্ভব হিসেবেই বিবেচনা করা হতো।

ডা. অনিকেত বলেন, আলবার্টের জীবন বাঁচানোর ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী ছিলাম। এর আগের এ ধরনের অস্ত্রোপচারের ক্ষেত্রে দেখা গেছে, ক্যান্সার আবার ফিরে এসেছে। তবে প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে চিকিৎসকরা এখন ক্যান্সারকে ভালোভাবে বুঝতে শিখেছেন।

আলবার্ট খুরি ২০২০ সালের প্রথম দিকে শিকাগোর একটি সিমেন্ট কারখানায় কাজ করতেন। সে সময় তিনি নানা শারীরিক সমস্যা অনুভব করতে শুরু করেন। প্রথম দিকে ধারণা করেছিলেন, তিনি করোনায় আক্রান্ত। কিন্তু এক সময় কাশির সঙ্গে রক্ত পড়তে শুরু করলে হাসপাতালে ভর্তি হন আলবার্ট।

তখন ওই কারখানাকর্মীকে জানিয়ে দেওয়া হয়, তার ক্যান্সার ধরা পড়েছে। তাঁর বাঁচার আর কোনো সম্ভাবনা নেই। সে সময় তাঁর বোন নর্থওয়েস্টার্ন হাসপাতালের আধুনিক চিকিৎসার খবর জানান। সে বছর ওই হাসপাতালে এক নারীর জোড়া ফুসফুস ট্রান্সপ্লান্টে সফল হন চিকিৎসকরা।

তবে আলবার্টই প্রথম ব্যক্তি, যিনি ক্যান্সার আক্রান্ত হওয়ার পরও তার জোড়া ফুসফুস ট্রান্সপ্লান্ট করে ওই হাসপাতাল। হাসপাতালে ভর্তির দুই সপ্তাহের মাথায় তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।

বর্তমানে আলবার্ট সম্পূর্ণ সুস্থ জীবনযাপন করছেন জানিয়ে চিকিৎসকরা বলেন, তার কোনো ওষুধও লাগছে না।

জটিল অস্ত্রোপচারের পর স্বাভাবিক জীবনের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত আলবার্ট বলেন, ‘আমার জীবন শূন্য থেকে আবার একশতে পৌঁছে গেছে। আমি এক বছর একবারের জন্যও হাসতে পারিনি। এখন হাসতে পারছি।’ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও