স্বাস্থ্যের নতুন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক আহমেদুল কবীর
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) পদে নিয়োগ পেয়েছেন মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আহমেদুল কবীর। তিনি অধ্যাপক ডা. নাসিমা সুলতানার স্থলাভিষিক্ত হবেন।
আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের পারসোনেল-২ অধিশাখার উপসচিব জাকিয়া পারভীনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস স্বাস্থ্য ক্যাডার/ স্বাস্থ্য সার্ভিসের বর্ণিত কর্মকর্তাকে তাঁর নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো।’
প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ ডা. আহমেদুল কবীর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি দীর্ঘদিন ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। সর্বশেষ গত জানুয়ারিতে তিনি মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন।
এর আগে আজ সরকারি চাকরি থেকে অবসরে যান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। করোনাকালে নানা কারণে পরিচিত মুখ ডা. নাসিমা সুলতানা নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত বলেন, ‘আলহামদুল্লিলাহ, সরকারি চাকুরি থেকে অবসর।’