একাডেমিক কার্যক্রম চালুর শর্তে সাহাবুদ্দিন মেডিকেলের নবায়ন
মেডিভয়েস রিপোর্ট: দুই বছরের মধ্যে গাজীপুরে নতুন ক্যাম্পাসে কোর্স ও একাডেমিক কার্যক্রম চালু করার শর্তে ঢাকার বেসরকারি সাহাবুদ্দিন মেডিকেল কলেজের নবায়ন অনুমোদন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বুধবার (৩ নভেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ চিকিৎসা শিক্ষা-২ শাখার উপসচিব মো. রবিউল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘আগামী দুই বছরের মধ্যে গাজীপুরে নতুন ক্যাম্পাসে কোর্স ও একাডেমিক কার্যক্রম চালু করার শর্তে বেসরকারি সাহাবুদ্দিন মেডিকেল কলেজ, গুলশান-২ ঢাকার ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষ থেকে ধারাবাহিকভাবে ২০২১-২০২২ শিক্ষাবর্ষ পর্যন্ত একাডেমিক অনুমোদন নির্দেশক্রমে নবায়ন করা হলো।’
বেসরকারি সাহাবুদ্দিন মেডিকেল কলেজের অধ্যক্ষের কাছে পাঠানো নির্দেশনার অনুলিপি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) রেজিস্ট্রার, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব, স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের একান্ত সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিস্টেম এনালিস্টসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।