কিডনি ক্যান্সারে চলে গেলেন ৪২তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত ডা. মাশরিক
মেডিভয়েস রিপোর্ট: কিডনি ক্যান্সারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন ৪২তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত ডা. মাশরিকুর রাজ্জাক। বৃহস্পতিবার (২১ অক্টোবর) দিবাগত রাতে ভারতের মুম্বাইয়ে কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
ডা. মাশরিক রেনাল সেল কার্সিনোমায় ভুগছিলেন। এর আগে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে টার্গেট থেরাপি দিয়ে তাঁর টিউমার মাস ছোট করা হয়।
তিনি ২০১১ সালে গাজীপুর শফিউদ্দিন সরকার একাডেমি থেকে এসএসসি এবং রাজধানীর নটরডেম কলেজ থেকে ২০১৩ সালে এইচএসসি পাস করেন।
এর পর ২০১৩-১৪ সেশনে রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) এমবিবিএস কোর্সে ভর্তি হন। পরে ২০১৮ সালে চিকিৎসা সেবার সনদ গ্রহণ করেন টাঙ্গাইলের ভূঞাপুরের ছেলে ডা. মাশরিক।
তাঁর লাশ আগামীকাল শনিবার (২৩ অক্টোবর) দেশে আনা হবে। একই দিন গাজীপুরের টঙ্গী ও টাঙ্গাইলের ভূঞাপুরে জানাযা হবে। পরে ভূঞাপুরে তাঁকে দাফন করা হবে।
সামাজিক মাধ্যমে শোকের ছায়া
নম্র-ভদ্র এ মেধাবী চিকিৎসকের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে। ডা. মাশরিকের মৃত্যুতে সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা শোক জানানোর পাশাপাশি তাঁর আত্মার মাগফেরাতের জন্য দোয়া করেছেন।
মৃত্যুর খবর দিয়ে তাঁর বন্ধু ডা. আহসান উযির বলেন, ‘সদ্য এমবিবিএস পাস করা ছেলেটার বয়স কতই বা ছিল ২৬ বা ২৭ বছর? মাস খানেক আগে পরম সাধনার বিসিএসও হয়ে গিয়েছিল। তিন বছর বয়সে বাবাহারানো ছেলেটার চোখে-মুখে কত স্বপ্ন! করোনা শুরু হওয়ার পর চারদিকে যখন দিগ্বিদিক টালমাটাল অবস্থা, তখনই ছেলেটা সিদ্ধান্ত নেয় সে কিছু করবে। যোগ দেয়, সবচেয়ে ভয়ানক কোভিড আইসিইউ ইউনিটে। দিনরাত এক করে একেবারে সামনে থেকে সেবা দিতে থাকে করোনা আক্রান্ত রোগীদের। অথচ কে জানতো সেইই বয়ে বেড়াচ্ছে মরণব্যাধি কিডনি ক্যান্সার, এই বয়সেই, তাও একেবারে লাস্ট স্টেজ। যে ক্যান্সার কিডনিকে ছাড়িয়ে আক্রান্ত করে ফেলেছিল ফুসফুস, অগ্ন্যাশয়, শিরা মহাশিরা ও তার চারপাশের সবকিছু। এত ভদ্র, এত শান্ত, এত মেধাবী আমার বন্ধু এত কষ্টে উপার্জিত কোনো কিছুরই স্বাদ উপভোগ করতে পারল না। অথচ আমরা মৃত্যু নিয়ে কতই না উদাসীন!’
জীবনের ঝুঁকি নিয়ে করোনা ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) কাজ করে যাওয়া এ সম্মুখযোদ্ধার মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত।
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬