১৪ অক্টোবর, ২০২১ ০৬:৪৫ পিএম

নিয়োগ বাতিলের বিরুদ্ধে তিনশ’ টেকনোলজিস্টের লিগ্যাল নোটিশ

নিয়োগ বাতিলের বিরুদ্ধে তিনশ’ টেকনোলজিস্টের লিগ্যাল নোটিশ
হাইকোর্ট

মেডিভয়েস রিপোর্ট: লিখিত ও মৌখিক পরীক্ষা আয়োজনের পরও ফল প্রকাশ না করে মেডিকেল টেকনোলজিস্টদের নিয়োগ বাতিল করায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিস পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) তিনশ নিয়োগ প্রত্যাশীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর আলম এই লিগ্যাল নোটিশ পাঠান।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ছাড়াও লিগ্যাল নোটিশে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ (ডিজি) চারজনকে বিবাদী করা হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এসব প্রার্থীদের নিয়োগের বিষয়ে পদক্ষেপ গ্রহণ না করলে এর প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হবে। 

শিক্ষার্থীদের পক্ষে অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা চাকরি প্রার্থী। সরকার আমাদেরকে নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছেন, নিয়ম অনুযায়ী আবেদনও করেছি। এরপর লিখিত পরীক্ষার আগে প্রবেশপত্র দিয়েছেন পরীক্ষায় অংশ গ্রহণ করার জন্য। তারপরে নির্দিষ্ট তারিখে অংশগ্রহণও করেছি। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণ করারও সুযোগ দেন। আমরা জীবনের ঝুঁকি নিয়ে কোভিডের মধ্যে মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণ করেছি। কিন্তু এই মৌখিক পরীক্ষার ফল প্রকাশ না করে নিয়োগ বাতিল করা হয়েছে। এখন কোনো উপায় না পেয়ে সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠিয়েছি।’

গত বছরের ২৯ জুন মেডিকেল টেকনোলজিস্টদের ৮৮৯টি, মেডিকেল টেকনিশিয়ানদের ১ হাজার ৬৫০টি এবং কার্ডিওগ্রাফার পদে ১৫০ জনসহ মোট দুই হাজার ৬৮৯টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তর।

মেডিকেল টেকনোলজিস্ট ও কার্ডিওগ্রাফের বিপরীতে ২৩ হাজার ৫২২ জন ও মেডিকেল টেকনিশিয়ান পদের বিপরীতে অর্ধলাখ আবেদন জমা পড়ে।

একই বছরের ১২ ডিসেম্বর টেকনোলজিস্ট পদে লিখিত পরীক্ষা হয়। আর ১৮-১৯ ডিসেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় টেকনিশিয়ান পদে। পরে চলতি বছরের ২২ ফেব্রুয়ারি মেডিকেল টেকনোলজিস্ট এবং ১০ মার্চ টেকনিশিয়ানের মৌখিক পরীক্ষা শেষ হয়।

বড় এ নিয়োগে লিখিত পরীক্ষার পরই অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠে। ঘটনা তদন্তে গত ১৩ এপ্রিল গঠন করা হয় কমিটি। প্রতিবেদনে লিখিত পরীক্ষার খাতায় অস্পষ্টতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে নিয়োগ কার্যক্রম বাতিল করে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার ব্যবস্থা করার বলে তদন্ত কমিটি।

এই প্রেক্ষাপটে অনিয়ম-দুর্নীতির অভিযোগে গত ২০ সেপ্টেম্বর মেডিকেল টেকনোলজিস্ট, টেকনিশিয়ান এবং কার্ডিওগ্রাফে ২ হাজার ৬৮৯টি পদে নিয়োগ বাতিল করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের সেবা বিভাগের উপ-সচিব (প্রশাসন-১ অধিশাখা) আনজুমান আরা স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন মেডিকেল টেকনোলজিস্ট, টেকনিশিয়ান ও কার্ডিওগ্রাফে নিয়োগে দুর্নীতির বিষয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। ফলে এ নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির দাখিল করা প্রতিবেদনের আলোকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক নিয়োগের বিষয়ে এই নির্দেশনা প্রদান করেন।

নতুন করে বিজ্ঞপ্তির মাধ্যমে দ্রুত নিয়োগ কার্যক্রম শুরু হবে উল্লেখ করে এতে আরও বলা হয়, ইতোপূর্বে যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করতে হবে না।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : মেডিকেল টেকনোলজিস্ট
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক