প্যারাসিটামলের কাঁচামাল উৎপাদন-বিক্রি বন্ধের ঘোষণা গণস্বাস্থ্যের
মেডিভেয়েস রিপোর্ট: প্যারাসিটামলের কাঁচামাল উৎপাদন এবং বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্রের বেসিক কেমিক্যালস লিমিটেড। আগামীকাল ১৫ অক্টোবর থেকে এ ঘোষণা কার্যকর হবে।
আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) গণস্বাস্থ্য কেন্দ্রের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে প্যারাসিটামলের বাল্ক কাঁচামাল উৎপাদনের কেমিক্যালসের মূল্য অত্যধিক বৃদ্ধি পেয়েছে। কিন্তু স্থানীয় বাজারে মূল্যবৃদ্ধি না করায় আগামী ১৫ অক্টোবর (শুক্রবার) থেকে গণস্বাস্থ্য বেসিক কেমিক্যালস লিমিটেডে প্যারাসিটামলের কাঁচামালের উৎপাদন এবং বিক্রি বন্ধ থাকবে।
এ বিষয়ে ঔষুধ প্রশাসন অধিদপ্তরকে চিঠি পাঠিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। গণস্বাস্থ্যের বেসিক কেমিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মীর আবদুল নকীব স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘একাধিক চেষ্টা ও অন্যান্য কোম্পানির সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে গত ১১ মার্চ একটি সভা অনুষ্ঠিত হয়। সেখানে বাল্ক কাঁচামালের বিক্রয়মূল্য ৭৫০ টাকা পুনর্নিধারণ করা হয়। প্রতি দুই মাস পর পর মনিটরিং সভা হওয়ার কথা থাকলেও কোনো সভা হয়নি। কাঁচামাল ও অন্যান্য জিনিসের দাম বাড়ার বিষয়টি একাধিকবার মৌখিক ও লিখিতভাবে অবগত করা হয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্থানীয়ভাবে বিক্রির জন্য গণস্বাস্থ্য বেসিক কেমিক্যালস লিমিটেডের কারখানায় উৎপাদিত পারাসিটামল বাল্ক কাঁচামালের বিক্রয়মূল্য ৯৬৫ টাকা নির্ধারণের জন্য একান্তভাবে অনুরোধ করছি।’
এ অবস্থায় আগামী ১৫ অক্টোবরের মধ্যে প্যারাসিটামল বাল্ক কাঁচামালের বিক্রয় মূল্যবৃদ্ধি না করলে উৎপাদন বহাল রাখা সম্ভব হবে না এবং কারখানা লে-অফ ঘোষণার জন্য প্রস্তুতি নিতে হবে বলে চিঠিতে জানিয়েছে তাঁরা।
একইসঙ্গে এ ঘটনার জন্য বেসিক কেমিক্যালস লিমিটেড দুঃখ প্রকাশ করেছে এবং সমস্যা সমাধানে সকলের সহযোগিতা কামনা করেছে।