৩৯তম বিসিএসের ডা. সুব্রতকে কুপিয়ে জখম
মেডিভয়েস রিপোর্ট: সিলেট ওসমানী মেডিকেল কলেজের (সিওমেক) ৪৬তম ব্যাচের শিক্ষার্থী ডা. সুব্রত সাহাকে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় সন্ত্রাসীরা তাঁর ওপর হামলা চালায়।
স্থানীয় একটি হাসপাতালে তাঁকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সূত্রে জানা গেছে, স্থানীয় ডায়াগোনস্টিক সেন্টারের দালালদের সঙ্গে বেশ কিছু দিন ধরেই ডা. সুব্রত সাহার বিরোধ চলছিল। এ কারণেই তাঁর ওপর হামলা চালানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
হামলার বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম (সেবা) আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মেডিভয়েসকে বলেন, ‘খবরটি পেয়েছি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।’
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ খায়রুল আলম মেডিভয়েসকে বলেন, ‘কাশিয়ানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সুব্রত সাহা দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন। ঘটনা তদন্তে আমাদের সদস্যরা কাজ করছেন। জড়িতদের আইনের আওতায় এনে দ্রুতই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখনো পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। তবে আমাদের কাজ অব্যাহত আছে। আহত চিকিৎসকের সঙ্গে আলোচনা না করে বিস্তারিত কিছুই বলা যাচ্ছে না।’
ডা. সুব্রতর বাড়ি গোপালগঞ্জ জেলায়। তিনি ৩৯তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডার হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন। নিজ জেলার কাসিয়ানি উপজেলায় কর্মরত আছেন তিনি।
-
১৬ মে, ২০২৬
হার্ট অ্যাটাকের রোগীর মৃত্যুর জের
শরীয়তপুরে রোগীর স্বজনদের সংঘবদ্ধ হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসক
-
২১ এপ্রিল, ২০২৬
দোষীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি
ক্যান্সার হাসপাতালের উপ পরিচালককে কুপিয়ে জখম: ড্যাবের নিন্দা ও প্রতিবাদ
-
১৬ ফেব্রুয়ারী, ২০২৬