কর্মীদের প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র ব্যবহারের নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে কর্মস্থলে যাওয়ার সময় কর্মকর্তা-কর্মচারীদের আবশ্যিকভাবে প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র ব্যবহারের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বুধবার (৭ জুলাই) অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. শেখ মোহাম্মদ হাসান ইমাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘করোনাভাইরাস (কোভিড-১৯) বিস্তার রোধকল্পে স্বাস্থ্য অধিদপ্তর ও এর আওতাধীন প্রতিষ্ঠানসহ সকল পর্যায়ের হাসপাতালসমূহে জনসাধারণের মাঝে নিরবচ্ছিন্ন স্বাস্থ্য ও চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে। সরকার ঘোষিত লকডাউন সময়ে স্বাস্থ্য বিভাগে কর্মরত সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদেরকে প্রযোজ্য ক্ষেত্রে নিজ নিজ কর্মস্থলে অবস্থানপূর্বক দায়িত্ব পালনসহ প্রত্যেক কর্মকর্তা ও কর্মচারীদেরকে দাপ্তরিক পরিচয়পত্র আবশ্যিকভাবে ব্যবহার করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
আদেশের অনুলিপি অবগতির জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক ও সিনিয়র সিস্টেম এনালিস্টসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।