রংপুরে ৬৫ জনকে কোভিড ইউনিটে বদলি, তালিকায় মৃত-অবসরপ্রাপ্তদের নাম
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস মোকাবিলায় রংপুর মেডিকেল কলেজের ৬৫ জন চিকিৎসককে হাসপাতালের করোনা ইউনিটে বদলি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এর মধ্যে বেশ আগে মারা যাওয়া ও অবসরপ্রাপ্ত দুইজন চিকিৎসকের নাম থাকায় বিস্ময় প্রকাশ করেছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা।
সোমবার (৫ জুলাই) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বদলির এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘কোভিড-১৯ অতিমারি সুষ্ঠুভাবে মোকাবেলা এবং জনসেবা নিশ্চিত করার লক্ষে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে তাঁদের নামের পার্শ্বে বর্ণিত কর্মস্থলে সংযুক্তিতে পদায়ন করা হলো।’
এতে আরও বলা হয়েছে, ‘পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। বর্ণিত চিকিৎসকরা ৭ জুলাইয়ের মধ্যে পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় আগামী ৮ জুলাইয়ের পূর্বাহ্নে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবেন।’
রাষ্ট্রপতির আদেশক্রমে এবং এ আদেশ জনস্বাস্থ্যে জারি করা হলো বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা, স্বাস্থ্যমন্ত্রী একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
এদিকে বদলির তালিকায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডা. ফেরদৌস আরা শেখের নাম উল্লেখ রয়েছে। হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত এ চিকিৎসক বেশ আগে মৃত্যুবরণ করেছেন। এছাড়া এ আদেশে বদলি দেখানো ডা. মমতাজ বেগম এরই মধ্যে রংপুর মেডিকেল কলেজ থেকে অবসরে গেছেন।
তালিকায় মৃত ও অবসরপ্রাপ্ত দুইজন চিকিৎসকের নাম থাকায় বিস্ময় প্রকাশ করেছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। জনবল বণ্টনের গুরুত্বপূর্ণ এ তালিকায় মারাত্মক ভুল থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমালোচনা করেছেন তারা।
-
০৭ জানুয়ারী, ২০২৫
-
১২ নভেম্বর, ২০২৪
-
০৩ সেপ্টেম্বর, ২০২৪
-
৩০ জুলাই, ২০২৪
-
০৫ জানুয়ারী, ২০২৪
-
০৬ জুলাই, ২০২১
-
২১ ডিসেম্বর, ২০২০
-
১৪ ডিসেম্বর, ২০২০