দেশেই হার্টের চিকিৎসা, বিদেশিরাও আগ্রহবোধ করবে: ডা. সিয়াম
মেডিভয়েস রিপোর্ট: দেশে প্রথমবাবের মতো কাটা-ছেড়া না করে শুধুমাত্র দুই থেকে তিন ইঞ্চি ফুটো করে এমআইসিএস পদ্ধতিতে হার্টের ডাবল ভাল্ব প্রতিস্থাপন সম্পন্ন করেছেন একদল তরুণ চিকিৎসক।
মঙ্গলবার (২৫ মে) রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিয়াক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আশ্রাফুল হক সিয়ামের তত্ত্বাবধানে হাসিনা বেগম নামে ৩০ বছর বয়সী এক নারীর দেহে সফলভাবে এই অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
আজ রোববার (৩০ মে) বিকালে মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করে ডা. সিয়াম বলেন, ‘সারাবিশ্ব এখন চিকিৎসা বিজ্ঞানে এগিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ২০১৯ সালের ২৫ আগস্ট এমআইসিএস পদ্ধতিতে সরকারিভাবে প্রথম হার্টের ফুটো অপারেশনের মাধ্যমে আমাদের পথ চলা শুরু। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বক্ষণিক তত্ত্বাবধান ও সহযোগিতায় আজ আমরা দেশে প্রথমবারের মতো এমআইসিএস পদ্ধতিতে মাত্র দুই থেকে তিন ইঞ্চি ফুটো করে ডাবল ভালভ প্রতিস্থাপনের মতো জটিল অপারেশন করতে পেরেছি।’
অস্ত্রোপচারে ৮-১০ জন চিকিৎসকের একটি দল অংশগ্রহণ করেছেন জানিয়ে তিনি বলেন, ‘হার্টের ডাবল ভাল্ব অপারেশন অত্যন্ত জটিল একটি অপারেশন। আমাদের চিকিৎসক দলটি মাত্র চার থেকে পাঁচ ঘণ্টায় সফলতার সঙ্গে অস্ত্রোপচার শেষ করেছেন। এটি এমআইসিএস পদ্ধতিতে মাত্র দুই থেকে তিন ইঞ্চি ফুটো করে ভাল্ব প্রতিস্থাপন সারা বিশ্বেই অত্যন্ত বিরল।’
জানতে চাইলে তিনি আরও বলেন, ‘সারা বিশ্বে হাতে গোনা কয়েকটি হাসপাতালে এই ধরনের আধুনিক পদ্ধতিতে এই অপারেশন হয়ে থাকে। আজ আমরাও সেই মাইলস্টোনে পা দিতে পেরেছি এবং দেশের নাম উজ্জ্বল করতে পেরেছি। এখন আর হার্টের অপারেশনের জন্য বিদেশ যাওয়ার প্রয়োজন নেই। আমরা আমাদের দেশেই হার্টের চিকিৎসা করতে পারবো। বিদেশিরাও আগ্রহবোধ করবে এমআইসিএস পদ্ধতিতে চিকিৎসা করতে। ’
‘তারা যে রোগীর চিকিৎসা করিয়েছেন তিনি এখন সুস্থ আছেন। তাঁর শারীরিক অবস্থা উন্নতির দিকে। আগামীকাল বা পরশু ওই রোগীকে ছুটি দেওয়া হবে’, যোগ করেন চিকিৎসক দলের প্রধান ডা. আশ্রাফুল।
ডা. সিয়ামের নেতৃত্বে এই অস্ত্রোপচারে অন্য সদস্যদের মধ্যে ছিলেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাাতালের অ্যানেসথেসিস্ট অধ্যাপক ডা. শাহনাজ, সহকারী অধ্যাপক ডা. সালাম, সহকারী অধ্যাপক ডা. রোমেনা রহমান, ডা. আসিফ আহসান চৌধুরী, ডা. ইমরান ডা. মঞ্জুর, ডা. ওয়াহিদা ডা. সায়েম, ডা. রুবাইয়াত, ডা. সৌরভ ও ডা. তানভীর হোসাইন।
এ সময় অপারেশনে সার্বিক সহযোগিতার জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।