১৮ মে, ২০২১ ০২:১৭ পিএম

সাংবাদিক রোজিনাকে হেনস্থা কলঙ্কজনক: স্বাচিপ সভাপতি

সাংবাদিক রোজিনাকে হেনস্থা কলঙ্কজনক: স্বাচিপ সভাপতি
সাংবাদিক রোজিনা ইসলাম। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক রোজিনা ইসলামের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার মাধ্যমে অবাধ তথ্য প্রবাহের ক্ষেত্রে একটি কলঙ্কজনক অধ্যায় রচিত হলো বলে মনে করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান। তাঁকে গ্রেপ্তার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও উল্লেখ করেন তিনি।

রোজিনা ইসলামকে সচিবালয়ে আটক, গ্রেপ্তার ও হয়রানির ঘটনায় নিন্দা জানিয়ে সোমবার (১৭ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের টাইম লাইনে এক পোস্টে এ কথা বলেন তিনি।

স্বাচিপ সভাপতির পোস্টটি মেডিভয়েস পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।

একজন সাংবাদিকের পেশাগত ও নৈতিক দায়িত্ব হচ্ছে সত্যের সন্ধান, উদঘাটন এবং জনসমক্ষে প্রকাশ/উপস্থাপন। সারাবিশ্বেই সাংবাদিকরা সংবাদ সংগ্রহের জন্য অনেক পথ অবলম্বন করে থাকেন। তাই বলে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করা, আটকে রাখা থেকে গ্রেপ্তার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রোজিনা একজন স্বনামধন্য জ্যেষ্ঠ সাংবাদিক। তিনি তাঁর সাংবাদিকতার জন্য জাতীয় ও আর্ন্তজাতিকভাবে পুরস্কৃত, তাঁর সঙ্গে আজ যা ঘটলো তা অবাধ তথ্য প্রবাহের ক্ষেত্রে একটি কলঙ্কজনক অধ্যায় রচিত হলো। পেশাজীবী হিসেবে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

প্রসঙ্গত, পেশাগত দায়িত্ব পালনের জন্য সোমবার (১৭ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম। সেখানে তাঁকে পাঁচ ঘণ্টার বেশি সময় আটকে রেখে হেনস্তা করা হয়। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাত সাড়ে আটটার দিকে পুলিশ তাঁকে শাহবাগ থানায় নিয়ে যায়।

পরে তার বিরুদ্ধে অনুমতি ছাড়া মোবাইল ফোনে সরকারি গুরুত্বপূর্ণ নথির ছবি তোলা এবং আরও কিছু নথি লুকিয়ে রাখার অভিযোগ আনা হয়। এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলায় তাঁর রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই সঙ্গে তার জামিন শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন আদালত। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত