রোববার থেকে দোকান-শপিংমল খোলা
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্যবিধি মেনে আগামী রোববার (২৫ এপ্রিল) থেকে দোকানপাট ও শপিংমল খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার। আজ শুক্রবার (২৩ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘ব্যাপক সংখ্যক মানুষের জীবন-জীবিকার বিষয় বিবেচনা করে নির্দেশনা জারি করা হলো। আগামী রোববার (২৫ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মানা সাপেক্ষে দোকান ও শপিংমল খোলা রাখা যাবে।’
প্রজ্ঞাপনে আরও বলা হয়, স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়ে সংশ্লিষ্ট বাজার/সংস্থার ব্যবস্থাপনা কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
করোনাভাইরাসের সংক্রমণরোধে গত ১৪ এপ্রিল থেকে সারাদেশে এক সপ্তাহে কঠোর লকডাউন শুরু হয়। গত ১২ এপ্রিল জারি করা এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, নিত্যপ্রয়োজনীয় ছাড়া অন্য সকল ধরনের দোকান ও শপিংমল বন্ধ থাকবে।
তবে পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় গত ১৯ এপ্রিল এ কঠোর বিধি-নিষেধ আরও এক সপ্তাহ বাড়ায় সরকার। ঘোষণা অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার (২২ এপ্রিল) থেকে দ্বিতীয় দফায় শুরু হওয়া এ লকডাউন চলবে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত।
সংক্রমণ রোধে এর আগে গত ৫ এপ্রিল থেকে সাত দিনের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। তবে তার ধারাবাহিকতা চলে ১৩ এপ্রিল পর্যন্ত।