এইচএসসির ফল প্রকাশ চলতি মাসেই: শিক্ষামন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: চলতি মাসে এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার (২৭ জানুয়ারি) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) এক সভা শেষে এ তথ্য জানান তিনি।
ফলাফল প্রকাশ নিয়ে আইনি জটিলতা শেষ হয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষাবোর্ডগুলোকে ফল তৈরি, প্রকাশ ও সনদ বিতরণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এখন প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া হয়েছে। তিনি সময় দিলে চলতি মাসে এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হবে।’
ডা. দীপু মনি বলেন, পরীক্ষা ছাড়াই এইচএসসি সমমান পরীক্ষার ফল প্রকাশে আর কোনো জটিলতা নেই। এ সংক্রান্ত আইন সংশোধন করা হয়েছে। শিক্ষাবোর্ডগুলোকে ফলাফল তৈরি করে তা প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ‘আইনি জটিলতার কারণে ২০২০ সালের পরীক্ষা ছাড়াই এইচএসসির ফল প্রকাশ করতে বিলম্ব হয়েছে। এ জন্য জাতীয় সংসদে আইনের সংশোধন করা হয়েছে। ফল প্রকাশে প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া হয়েছে। চলতি মাসে ফল প্রকাশ করা হবে।’