২৫ জানুয়ারী, ২০২১ ০৭:৫১ পিএম

ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: আগামী ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক ভাবে ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক। 

তিনি বলেন, ওই সময় প্রধানমন্ত্রী সুরক্ষা ওয়েবসাইট ও সুরক্ষা অ্যাপ উদ্বোধন করবেন। এরপর থেকে ওয়েবসাইটে নিবন্ধন করে নাগরিকরা করোনা ভ্যাকসিন পাবেন। 

আজ সোমবার (২৫ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত কোভিড-১৯ ভ্যাক্সিনেশন অনলাইন রেজিস্ট্রেশন বিষয়ক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।

অনুষ্ঠানে ডিজিটাল ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম 'সুরক্ষা'  এর অনলাইনে রেজিস্ট্রেশনের বিভিন্ন কারিগরি দিক সম্পর্কে অবহিত করেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী।

প্রেস ব্রিফিংয়ে অনলাইনে সংযুক্ত হয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস কোভিড ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম 'সুরক্ষা' ডেভেলপের সঙ্গে সম্পৃক্তদের ধন্যবাদ জানান। তিনি বলেন, এটা একটা যুগান্তকারী কাজ। ভারতের বাইরে সবচেয়ে কম মূল্যে বাংলাদেশ ভ্যাকসিন পাচ্ছে বলেও তিনি জানান। 

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, অনলাইনে রেজিস্ট্রেশন ছাড়া টিকা দেওয়া হবে না। ’সুরক্ষা’ এর রেজিস্ট্রেশনের বাইরে টিকা দেওয়াকে আমরা নিরুৎসাহিত করছি। আমাদের এই ডাটাগুলোকে সংরক্ষণ করতে হবে, অ্যানালাইসিস করতে হবে।  অনলাইনের এই তথ্যগুলোকে পরবর্তীতে অনেকগুলো কাজে আমাদের লাগাতে হবে।

কেন্দ্র পরিবর্তন করে টিকা দেওয়ার সুযোগ থাকছে না জানিয়ে স্বাস্থ্যের ডিজি বলেন, রেজিস্ট্রেশন অনুযায়ী আমরা কেন্দ্রে টিকা পাঠাবো। সেক্ষেত্রে কেন্দ্র পরিবর্তন করে টিকার সুযোগ দিলে অনেক টিকা নষ্ট হবে। নির্ধারিত তারিখ ও কেন্দ্র অনুযায়ী টিকা গ্রহণের অনুরোধ করেন ডা. এবিএম খুরশীদ আলম।

যেভাবে পাওয়া যাবে করোনা ভ্যাকসিন-

১. www.surakkha.gov.bd ওয়েব পোর্টালে প্রবেশ করতে হবে।

২. নিবন্ধন বাটনে ক্লিক করে নাগরিক শ্রেণি (সরকারি স্বাস্থ্যকর্মী, বেসরকারি স্বাস্থ্য কর্মী, বীর মুক্তিযোদ্ধা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সামরিক আধা সামরিক প্রতিরক্ষা বাহিনী, রাষ্ট্রীয় বিভিন্ন কার্যালয়, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, সিটি ও পৌর কর্মী, ধর্মীয় প্রতিনিধি ইত্যাদি) সিলেক্ট করে জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে।

তারপর যাচাই বাটনে ক্লিক করে স্বয়ংক্রিয়ভাবে পরিচয় নিশ্চিত করতে হবে। পরিচয় নিশ্চিত হলে বাংলা ও ইংরেজিতে নাম ফরমে দেখা যাবে। দীর্ঘমেয়াদি রোগ, কোমরবিডিটি আছে কিনা ‘হ্যাঁ’ অথবা ‘না’ সিলেক্ট করতে হবে।

৩. নিবন্ধনকারী নাগরিকের পেশা এবং সরকারি কোভিড-১৯ কাজের সাথে জড়িত কি-না তা নির্বাচন করতে হবে।

৪. যে মোবাইলে ভ্যাকসিনের তথ্য ও ভেরিফিকেশন এসএমএস পেতে চান তা নিবন্ধনের সময় দিতে হবে।

৫. ফরমে বর্তমান ঠিকানা ও টিকাদান কেন্দ্র নির্বাচন করতে হবে।

৬. সব শেষে মোবাইলে প্রাপ্ত OTP দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

৭. নিবন্ধন সম্পন্ন হয়ে গেলে ‘টিকা কার্ড সংগ্রহ’ বাটনে ক্লিক করে কার্ড সংগ্রহ করতে হবে।

৮. নিবন্ধিত মোবাইল নম্বরে নির্ধারিত সময়ে এসএমএসে টিকা গ্রহণের তারিখ ও কেন্দ্র জানানো হবে।

৯. টিকা কেন্দ্রে যাওয়ার সময় প্রিন্টেড টিকা কার্ড ও জাতীয় পরিচয়পত্রের কপি সঙ্গে নিতে হবে।

সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নান প্রমুখ।
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক