১১ জানুয়ারী, ২০২১ ১০:৪৯ এএম

করোনাভাইরাস: ফেব্রুয়ারিতে হচ্ছে না বইমেলা

করোনাভাইরাস: ফেব্রুয়ারিতে হচ্ছে না বইমেলা
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতি বিবেচনায় এ বছর অমর একুশে বইমেলা ফেব্রুয়ারিতে হচ্ছে না। কবে হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।

রোববার (১০ জানুয়ারি) রাতে গণমাধ্যমকে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

হাবীবুল্লাহ সিরাজী বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে ফেব্রুয়ারি মাসে বইমেলা হচ্ছে না। তবে, অমর একুশে বইমেলা হচ্ছে না এমন কিছু না। করোনা পরিস্থিতি উন্নত হলে পরবর্তীতে সময় ও তারিখ ঘোষণা করা হবে।’

সংস্কৃতি মন্ত্রণালয়ের বরাত দিয়ে তিনি আরও বলেন, এই পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে শারীরিক উপস্থিতিতে বইমেলার আয়োজন সম্ভব নয়। ফলে এবছর ফেব্রুয়ারিতে মেলার পর্দা উঠছেনা। এসময় কবে শুরু হবে সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত হবে বলেও জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক।

এর আগে অমর একুশে গ্রন্থমেলার অন্যতম আয়োজক বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির পক্ষ থেকে গত ৫ জানুয়ারি এক সভায় ফেব্রুয়ারিতে না পারলেও আগামী মার্চ মাসের মধ্যেই বইমেলার আয়োজন করার আবেদন জানানো হয়।

প্রসঙ্গত, ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে বাংলা একাডেমি অমর একুশে বইমেলা আয়োজন করে আসছে। প্রতি বছর ১ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরু হয়। এ বছর বইমেলার স্টল বরাদ্দের শেষ সময় ছিলো ৭ ডিসেম্বর। তবে এই সময়ের মধ্যে বাংলা একাডেমির কাছে মাত্র ৮৬টি স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক