২৭ ডিসেম্বর, ২০২০ ০৩:০৯ পিএম

ভ্যাকসিন পাবেন সাড়ে পাঁচ কোটি মানুষ: স্বাস্থ্যমন্ত্রী

ভ্যাকসিন পাবেন সাড়ে পাঁচ কোটি মানুষ: স্বাস্থ্যমন্ত্রী
সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি: শাফিন খান

মেডিভয়েস রিপোর্ট: দেশে সাড়ে পাঁচ কোটি মানুষ কোভিড-১৯ ভ্যাকসিন পাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি আরও বলেন, ১৮ বছরের কম বয়সীরা ভ্যাকসিন গ্রহণ করবে না। পৃথিবীর কোথাও তাদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে না।

আজ রোববার (২৭ ডিসেম্বর) দুপুরে ঔষধ প্রশাসন অধিদপ্তরের ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরেটরিতে ভ্যাকসিন ল্যাব পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে সাড়ে পাঁচ কোটি মানুষ কোভিড-১৯ ভ্যাকসিন পাবেন, দেশের মোট জনসংখ্যার ২০ শতাংশ। আর মোট জনসংখ্যার অর্ধেকের বয়স ২৫ বছরের নিচে। আর ১৮ বছরের নিচে ৪০ শতাংশ মানুষ। এই মুহূর্তে এদের ভ্যাকসিনের দরকার নেই। এছাড়া গর্ভবতী নারী ও কিছু অন্য জটিল রোগে আক্রান্ত রোগীদের এই ভ্যাকসিন দেওয়া হবে না।’

এক কোটি লোক দেশের বাইরে থাকেন জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সব মিলিয়ে প্রায় সাড়ে পাঁচ কোটি মানুষের এই মুহূর্তে ভ্যাকসিনের প্রয়োজন হবে না। আর যে ভ্যাকসিন দেওয়া হবে সেটাও প্রায় সাড়ে পাঁচ কোটি। এর পর যা বাকি থাকছে তাও পর্যায়ক্রমে পূরণ করে ফেলবো।’

তিনি বলেন, প্রথম ধাপে অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনের তিন কোটি ভ্যাকসিন ধাপে ধাপে দিতে ছয় মাস লাগবে।

জাহিদ মালেক বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্তৃক কোভ্যাক্সের ভ্যাকসিন আসবে মে ও জুন মাসে। ইতিমধ্যে তাদের দেওয়া সকল কাজগপত্র সই করে পাঠিয়েছি। তারা আমাদের মোট জনসংখ্যার ২০ শতাংশ মানুষকে ভ্যাকসিন দিবে। এতে আমাদের প্রায় সাড়ে পাঁচ কোটি মানুষ ভ্যাকসিনের আওতায় চলে আসবে। তাদেরকে ভ্যাকসিন দিতে প্রায় এক বছরের বেশি সময় লাগবে। এটা নিয়ে আমাদের বিশেষজ্ঞ টিম কাজ করছে। আমাদের পর্যাপ্ত জনবলও রয়েছে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা এখানে দুটি ল্যাব দেখেছি। একটি ওষুধের আর একটি ভ্যাকসিনের। আমাদের যে ওষুধের ল্যাব আছে সেটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অনুমোদন দিয়েছে। সেই অনুমোদনের ফলে আমাদের ল্যাব আন্তর্জাতিক স্বীকৃতি পেল। আমাদের সকল ওষুধ কোম্পানির উৎপাদিত ওষুধের মান প্রতিনিয়ত পরীক্ষা করা হয় এবং সে মান বজায় রাখার জন্য যা যা করা প্রয়োজন তা করা হয়। আগামীতে এই ল্যাবরেটরিতে কোভিড ভ্যাকসিনও পরীক্ষা করা হবে।’

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমানসহ ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরেটরির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত