‘মহানবীর অবমাননা কোনোভাবেই সমর্থন করি না’
মেডিভয়েস রিপোর্ট: মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে অবমাননা করে কোনো কিছু কোনোভাবেই সমর্থন করেন না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।
মুজিববর্ষ উপলক্ষে আজ রোববার (১ নভেম্বর) খুলনায় বৃক্ষরোপণ কার্যক্রমের সমাপ্তি ও পার্ক উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সচিবালয় ভিডিও কনফারেন্সে যুক্ত হন মন্ত্রী।
ফ্রান্সে হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র আঁকার প্রতিক্রিয়ায় দেশে চলমান বিক্ষোভ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘প্রথমত হযরত মুহাম্মদ মোস্তফাকে (সা.) অবমাননা করে কোনো কিছু, সেটি আমরা কোনোভাবেই সমর্থন করি না। এতে ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে আঘাত লেগেছে। এজন্য যে প্রতিবাদ হচ্ছে। অতীতেও যখন এ ধরনের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে, তখন এই ধরনের প্রতিবাদ হয়েছে। কোনো ধর্মের অনুভূতিতেই আঘাত দেওয়া সমীচীন নয়।’
ধর্ম অবমাননার অভিযোগে লালমনিরহাটে একজনকে পুড়িয়ে মারা হলো, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে হাছান মাহমুদ বলেন, ‘সেটির ব্যাপারে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। পৈশাচিক ঘটনা যারা ঘটিয়েছে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকার বদ্ধপরিকর।’