করোনার দ্বিতীয় তরঙ্গ মোকাবিলা
বিদেশ ফেরতদের কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের দ্বিতীয় তরঙ্গ মোকাবিলায় বিদেশ থেকে আগতদের কোয়ারেন্টাইন মেনে চলাসহ করোনাকালীন সকল নির্দেশনা আবার মানতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রোববার (১ নভেম্বর) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে আবারও বিশ্বব্যাপী করোনাভাইরাসের একটা প্রাদুর্ভাব ব্যাপকভাবে দেখা দিচ্ছে। ইংল্যান্ড থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন দেশ লকডাউন ঘোষণা দিয়েছে। আমাদের সবাইকে সুরক্ষিত থাকতে হবে। যেকোনো কাজে সবাই মাস্ক ব্যবহার করতে হবে। বাইরে থেকে যারা আমাদের দেশে আসবেন তাদের পরীক্ষা করা, তাদের কোয়ারেন্টাইনে রাখা, এটা আমাদের বিমানবন্দর থেকে শুরু করে প্রত্যেকটা বন্দরে বন্দরে এখন থেকে আবার ব্যবস্থা নিতে হবে। কেউ ঢুকতে গেলেই করোনাভাইরাস ঢুকছে কি-না সেটা পরীক্ষা করতে হবে।
তিনি আরও বলেন, ‘আমি হয়তো মাস্ক ছাড়া বক্তব্য দিচ্ছি, কারণ আমার আশপাশে কেউ নেই। সবাই দূরে। সারাক্ষণ পরে থাকতে হবে তা নয়, কিন্তু যখন কারো সঙ্গে মিশবেন বা কোনো জনসমাগম বা মার্কেটে যাবেন তখন অবশ্যই মাস্ক পরে নিজেকে সুরক্ষিত করবেন এবং অপরকেও সুরক্ষিত করবেন।’
এ সময় স্কুল-কলেজ বন্ধের বিষয়ে শেখ হাসিনা বলেন, ‘মহামারীর কারণে সবকিছুতেই একটা স্থবিরতা এসে গেছে। সবচেয়ে দুঃখজনক আমাদের শিক্ষার্থীরা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যেতে পারছে না। সেটা শুধু আমাদের দেশে না, সারাবিশ্ব এই অবস্থার সৃষ্টি হয়েছে। তারপরও আমরা সংসদ টেলিভিশনের মাধ্যমে ক্লাসগুলো চালিয়ে যাচ্ছি। অভিভাবকদের তত্ত্বাবধানে সবাইকে যার যার পড়াশোনা চালিয়ে যেতে হবে।
করোনাকালে সরকারের গৃহীত নানা কর্মসূচির কথা উল্লেখ করে সরকার প্রধান বলেন, দেশের অর্থনীতির গতি অনেকটাই সচল আছে, যা অনেক উন্নত দেশও করতে পারছে না। সরকার এই সময় নানা প্রণোদনা কার্যক্রম হাতে নিয়েছে। একই সঙ্গে মেগা প্রজেক্টের কাজগুলোও এগিয়ে যাচ্ছে।
এছাড়াও ফ্রিল্যান্সারদের স্বীকৃতির বিষয়ে তাঁর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়সহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪