০৬ অক্টোবর, ২০২০ ০৩:৫৪ পিএম

করোনায় ঝরলো আরও ৩০ প্রাণ

করোনায় ঝরলো আরও ৩০ প্রাণ

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩০ জন মৃত্যুবরণ করেছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪০৫ জনে। এ সময় আরও এক হাজার ৪৯৯ জনের দেহে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। 

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০৯টি করোনা পরীক্ষাগারে ১২ হাজার ৩৯৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১২ হাজার ৩৪৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৩ হাজার ৭৭৬টি। পরীক্ষায় আরও এক হাজার ৪৯৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৭১ হাজার ৬৩১ জনে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একদিনে মৃত ২৭ জনের মধ্যে পুরুষ ২০ জন ও নারী ১০ জন। এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ চার হাজার ১৭৫ জন (৭৭ দশমিক ২৪ ভাগ) ও নারী এক হাজার ২৩০ জন (২২ দশমিক ৭৬ ভাগ)।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৬৫১ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল দুই লাখ ৮৪ হাজার ৮৩৩ জনে।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১২ দশমিক ১৪ ভাগ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৮ দশমিক ৪৫ ভাগ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার শতকরা ৭৬ দশমিক ৬৪ ভাগ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৫ ভাগ।

বিজ্ঞপ্তিতে মৃতুদের বয়স ভিত্তিক তথ্য তুলে ধরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৩০ জনের মধ্যে দশোর্ধ্ব একজন, বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব দুজন, চল্লিশোর্ধ্ব দুজন, পঞ্চাশোর্ধ্ব সাতজন ও ষাটোর্ধ্ব ১৭ জন। এছাড়া বিভাগ ভিত্তিক বিশ্লেষণে ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রামে চারজন, খুলনায় দুজন, বরিশালে দুজন, সিলেট একজন ও রংপুর দুজন রয়েছেন।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। ভাইরাসটিতে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৫৫ লাখের অধিক মানুষ। মৃতের সংখ্যা ১০ লাখ ৪৪ হাজারের অধিক। তবে এখন পর্যন্ত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ২ কোটি ৪৭ লাখের অধিক মানুষ। বাংলাদেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়ে গত ৮ মার্চ। এরপর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক