গাড়িচালক মালেকের বিরুদ্ধে অভিযোগের দায় ব্যক্তিগত: স্বাস্থ্য অধিদপ্তর
মেডিভয়েস রিপোর্ট: গাড়িচালক মো. আব্দুল মালেকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগসমূহের সঙ্গে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কোনো প্রকার সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে অধিদপ্তর।
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মোস্তফা খালেদ আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে আরও বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অধীনে গত বছরের ২৪ নভেম্বর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর গঠিত হয়। অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন গত বছরের ৩১ ডিসেম্বর মহাপরিচালক হিসেবে যোগদান করেন। গাড়িচালক মো. আব্দুল মালেককে গত ১ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রেষণে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে ন্যস্ত করা হয়।
প্রতিষ্ঠাকালীন সময় হতে আজ পর্যন্ত নব গঠিত স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক কোনো প্রকার কেনাকাটা, কর্মচারী নিয়োগ, পদায়ন বা পদোন্নতির কাজ করা হয়নি। কাজেই গাড়িচালক মো. আব্দুল মালেকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগসমূহের সঙ্গে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কোনো প্রকার সংশ্লিষ্টতা নেই।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কোনো পরিবহন পুল নেই উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগসমূহের দায় ব্যক্তিগত।

-
০৫ এপ্রিল, ২০২৬
-
১৬ ফেব্রুয়ারী, ২০২৬
-
০২ ফেব্রুয়ারী, ২০২৬
-
০১ জানুয়ারী, ২০২৬
-
১৩ ডিসেম্বর, ২০২৫