০৩ সেপ্টেম্বর, ২০২০ ০৪:০৪ পিএম

করোনায় না ফেরার দেশে আরও ৩২ জন

করোনায় না ফেরার দেশে আরও ৩২ জন

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো চার হাজার ৩৮৩ জন। এ সময়ে নতুন করে দুই হাজার ১৫৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। 

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে সারাদেশে ৯২টি পরীক্ষাগারের নমুনা পরীক্ষার তথ্য তুলে বলা হয়, এসব ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৬১৩টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ৪২২টি নমুনা পরীক্ষা করা হয়। ফলে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৯২ হাজার ৩৮টি। এতে নতুন করে আরও দুই হাজার ১৫৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ ১৯ হাজার ৬৮৬ জনে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করা ৩২ জনের মধ্যে পুরুষ ২৪ জন এবং নারী ৮ জন রয়েছেন। তাদের মধ্যে ৩১ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে চল্লিশোর্ধ্ব ছিলেন দুইজন, পঞ্চাশোর্ধ্ব ১২ জন এবং ষাটোর্ধ্ব ছিলেন ১৮ জন। ঢাকা বিভাগের ছিলেন ১৫ জন, চট্টগ্রাম বিভাগের সাতজন, সিলেট বিভাগের তিনজন, রংপুর বিভাগের ছয়জন এবং ময়মনসিংহ বিভাগের ছিলেন একজন।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ৯৬৪ জন। ফলে মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ১৩ হাজার ৯৮০ জনে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৯৬ ভাগ এবং এ পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ০৮ ভাগ। মোট রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৬ দশমিক ৯৩ ভাগ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৭ ভাগ।

প্রসঙ্গত, গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান থেকে ছড়িয়েপড়া করোনাভাইরাস পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। ভাইরাসটিতে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ২ কোটি ৬০ লাখের অধিক মানুষ। মৃতের সংখ্যা আট লাখ ৬৩ হাজার ৪৮৮। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ২ কোটি মানুষ। বাংলাদেশে প্রথাম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়ে গত ৮ মার্চ। এরপর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক