৩১ অগাস্ট, ২০২০ ০১:২৭ পিএম

ডা. সাবরিনার দুই এনআইডি, স্বামীর নামে ভিন্নতা!

ডা. সাবরিনার দুই এনআইডি, স্বামীর নামে ভিন্নতা!

মেডিভয়েস রিপোর্ট: প্রথম জাতীয় পরিচয়পত্রের তথ্য গোপন করে দ্বিতীয় এনআইডি করায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের বরখাস্তকৃত চিকিৎসক কারাবন্দি ডা. সাবরিনা শারমিন হুসাইনের বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন (ইসি)। পরিচয়পত্রের স্বামীর নামের জায়গায় দুটি নাম ব্যবহার করেছেন তিনি। একটিতে স্বামীর নাম হিসেবে দিয়েছেন আর. এইচ. হক। আর দ্বিতীয়টিতে স্বামীর নাম লেখা হয়েছে আরিফুল চৌধুরী।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত গণমাধ্যমকে করেছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ ইসলাম।

তিনি বলেন, গতকাল ডা. সাবরিনার বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযোগ আনা হয়েছে যে, প্রথম জাতীয় পরিচয়পত্রের তথ্য গোপন করে দ্বিতীয় জাতীয় পরিচয়পত্র করেছেন তিনি।

গুলশানা থানা নির্বাচন অফিসার মোহাম্মদ মমিন মিয়া বাদী হয়ে বাড্ডা থানায় সাবরিনার বিরুদ্ধে এই মামলা দায়ের করেছেন। মামলা প্রসঙ্গে তিনি বলেন, মিথ্যা তথ্য দিয়ে দ্বৈত ভোটার হয়ে এবং একাধিক জাতীয় পরিচয়পত্র নিয়ে আইন অনুযায়ী অপরাধ করেছেন ডা. সাবরিনা। তার দুটি এনআইডির তথ্য তুলে ধরে বিবাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে মামলায়।

ইসি সূত্র জানায়, ডা. সাবরিনা ২০১৬ সালের ভোটার তালিকা হালনাগাদের সময় দ্বিতীয়বার ভোটার হন। তিনি প্রথমে ভোটার হন সাবরীনা শারমিন হোসেন নাম দিয়ে। এর একটিতে জন্মতারিখ ১৯৭৮ সালের ২ ডিসেম্বর। অন্যটিতে ১৯৮৩ সালের ২ ডিসেম্বর। দুটি আইডিতে বয়সের ফারাক পাঁচ বছর। একটিতে স্বামীর নাম হিসেবে ব্যবহার করেছেন আর. এইচ. হক। আর দ্বিতীয়টিতে স্বামীর নাম লেখা হয়েছে আরিফুল চৌধুরী। একটিতে বাবার নাম সৈয়দ মুশাররফ হোসেন ও মায়ের নাম কিশোয়ার জেসমীন। অপরটিতে মা-বাবার নাম সৈয়দ মুশাররফ হুসেন ও জেসমিন হুসেন দিয়েছেন।

দুই এনআইডিতে দুই ঠিকানা ব্যবহার করছেন ডা. সাবরিনা। একটিতে মোহাম্মদপুরের পিসিকালচার হাউজিং সোসাইটির ঠিকানা, অন্যটিতে বাড্ডা এলাকার প্রগতি সরণির আনোয়ার ল্যান্ডমার্কের ঠিকানা ব্যবহার করা হয়েছে।

জানা গেছে, ২০১০ সালের জাতীয় পরিচয় নিবন্ধন আইনের ১৪ ও ১৫ ধারায় এ মামলা দায়ের করা হয়েছে। ১৪ ধারায় মিথ্যা তথ্য দেয়ার অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ডের বিধান আছে। আর ১৫ ধারায় একাধিক জাতীয় পরিচয়পত্র নেয়ার অভিযোগ প্রমাণিত হলেও একই শাস্তি হতে পারে।

প্রসঙ্গত, করোনাভাইরাস পরীক্ষা নিয়ে জেকেজি হেলথ কেয়ারের জালিয়াতির ঘটনায় দায়ের হওয়ায় মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডা. সাবরিনা ও তার স্বামী প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আরিফুল হক চৌধুরী গ্রেফতার হয়ে কারাগারে আছেন। ওই মামলায় তাদের বিচার চলছে।

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক