বিশেষ বিসিএসের মাধ্যমে ১৭০ সহাকারী ডেন্টাল সার্জন নিয়োগ
মেডিভয়েস রিপোর্ট: ৪২তম বিশেষ বিসিএসের মাধ্যমে দুই হাজার সহকারী সার্জন নিয়োগ দেওয়া হবে। একই সঙ্গে স্বাস্থ্য ক্যাডারে ডেন্টাল সার্জনের ১৭০টি শূণ্য পদেও নিয়োগের প্রস্তাব করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
আজ সোমবার (২৪ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ অধিশাখার উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে বিশেষ বিসিএসের মাধ্যমে দুই হাজার সহকারী সার্জন নিয়োগের প্রস্তাব গত ২ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ প্রেক্ষিতে গত ১২ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ে এ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ৪২তম বিশেষ (স্বাস্থ্য) বিসিএসের মাধ্যমে ২ হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে দেশে ১৭০টি সহকারী ডেন্টাল সার্জনের পদ শূণ্য রয়েছে। এ অবস্থায় এই ১৭০টি পদে বিশেষ বিসিএসের সাথে একত্রিত করে নিয়োগ দেওয়ার জন্য প্রস্তাবনা প্রেরণ করা হয়েছে।
এমতাবস্থায়, ৪২তম বিশেষ বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে ১৭০ জন সহকারী ডেন্টাল সার্জন নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে বলেও আদেশ উল্লেখ করা হয়েছে।