করোনা পরীক্ষার ফি কমিয়ে পরিপত্র জারি
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্যমন্ত্রীর সরকারি হাসপাতালগুলোতে করোনা শনাক্তকরণ পরীক্ষার ফি কমানোর ঘোষণার একদিন পর এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব ডা. বিলকিস বেগম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, করোনা পরীক্ষায় বুথ থেকে সংগৃহীত নমুনা ফি ২০০ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা করা হয়েছে। আর বাসা থেকে নমুনা সংগ্রহের ফি ৫০০ টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা করা হয়েছে। এছাড়া হাসপাতালে ভর্তি রোগীর নমুনা সংগ্রহের ফিও ২০০ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা করা হয়েছে।
জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে উল্লেখ করে এতে আরও বলা হয়, মুক্তিযোদ্ধা, দুস্থ ও গরিব রোগীদের চিকিৎসা ও রোগ নির্ণয়, পরীক্ষা-নিরীক্ষা সংক্রান্ত সরকারি আদেশ বলবৎ থাকবে।
এর আগে বুধবার সকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ঘোষণা দেন, সরকারি হাসপাতালে পরীক্ষার ফি ২০০ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা এবং বাসা থেকে নমুনা নিয়ে পরীক্ষা ৫০০ টাকার স্থলে ৩০০ টাকা করা হচ্ছে।
এর কারণ হিসেবে তিনি বলেন, ‘আমাদের কাছে কিছু তথ্য আছে, সরকার যে ফি নির্ধারণ করেছে সে কারণে অনেক গরিব লোক পরীক্ষা করতে কিছুটা আগ্রহ হারিয়েছেন। এ বিষয়ে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি, উনার নির্দেশনায় আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।’
প্রসঙ্গত, দেশে শুরুতে বিনামূল্যে করোনা পরীক্ষা করা হলে অনেকে উপসর্গ ছাড়াই করোনা পরীক্ষা করানোর অভিযোগ উঠে। এ অবস্থায় অপ্রয়োজনীয় টেস্ট পরিহার করার লক্ষ্যে অর্থ বিভাগের গত ১৫ জুনের এক স্মারকের সম্মতির পরিপ্রেক্ষিতে আরটি-পিসিআর পরীক্ষার জন্য ২০০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত ফি নির্ধারণ করা হয়। এরপর ২৮ জুন পরিপত্র জারি করে ফি নির্ধারণ করে দেয় সরকার।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪