করোনায় কয়েক ঘণ্টার ব্যবধানে চলে গেলেন তিন চিকিৎসক
মো. মনির উদ্দিন: দেশে প্রথম সম্মুখযোদ্ধা হিসেবে গত ১৫ এপ্রিল করোনাভাইরাসের ছোবলে প্রাণ হারান সিলেট ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন। ওই মাসে করোনায় আরও কয়েকজন চিকিৎসক মৃত্যু হয়েছে। এর পর মে মাসে চিকিৎসক মৃত্যুর হার কমে আসায় স্বাস্থ্যকর্মীদের মধ্যে স্বস্তি দেখা দেয়।
কিন্তু জুন মাসে দেশে করোনায় চিকিৎসক মৃত্যু আশঙ্কাজনক হারে বেড়ে যায়। এ মাসে করোনার ছোবলে প্রায় প্রতিদিনই গড়ে তিনজন করে চিকিৎসক না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। এরই ধারাবাহিকতায় গত এক জুলাই ভাইরাসটিতে আরও পাচঁজন বিশেষজ্ঞ চিকিৎসকের মৃত্যু ঘটে।
তবে এর পর থেকে কমে আসতে থাকে চিকিৎসক মৃত্যুর হার। চলতি মাসে প্রতিদিন গড়ে প্রায় একজন চিকিৎসক মারা গেছেন। এতে স্বাস্থ্যকর্মীদের মধ্যে আবারও স্বস্তির বাতাস বইতে শুরু করে।
এমন পরিস্থিতিতে গতকাল শনিবার (২৫ জুলাই) দুপুর থেকে আজ রোববার (২৬ জুলাই) সকাল পর্যন্ত মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ভাইরাসটিতে প্রাণ হারিয়েছেন আরও তিনজন চিকিৎসক।
সাবেক জ্যেষ্ঠ স্বাস্থ্য প্রশাসকের মৃত্যু
গতকাল শনিবার (২৫ জুলাই) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন স্বাস্থ্য অধিদপ্তরের কেন্দ্রীয় ওষুধাগারের (সিএমএসডি) সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. শহীদুল্লাহ। ওই দিন দুপুর ২টা ৫৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের কোভিড-১৯ নিয়ন্ত্রণ কক্ষের সেক্রেটারি মেম্বার ডা. রিজওয়ানুল করিম।
পারিবারিক সূত্রে জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৫ জুন সিএমএইচে ভর্তি হয়েছিলেন ডা. মো. শহীদুল্লাহ। আজ সকাল থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। এর মধ্যে বিকেলে মারা যান তিনি।
দেশে করোনাভাইরাস সংক্রমণের পর থেকেই কেন্দ্রীয় ঔষধাগারে পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. শহীদুল্লাহ। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) কেনাকাটায় অনিয়ম নিয়ে প্রশ্ন ওঠার পরিপ্রেক্ষিতে গত ২৩ মে ডা. শহীদুল্লাহকে সিএমএসডি থেকে সেনাসদর দপ্তরে ফিরিয়ে নেওয়া হয়।
ওই সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ে লেখা এক চিঠিতে সিএমএসডিসহ গোটা স্বাস্থ্য খাতকে ‘সিন্ডিকেট বাণিজ্যমুক্ত’ করার অনুরোধ জানান তিনি, যা বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। এতে স্বাস্থ্য খাতে বাইরের হস্তক্ষেপের কথা উল্লেখ করে ডা. শহীদুল্লাহ জানান, এখানে ‘ঠিকাদার চক্রের ইশারায়’ বদলি ও পদায়ন হয়ে থাকে। সিএমএসডির কেনাকাটাও তাদের নিয়ন্ত্রণে মন্তব্য করে এতে ঠিকাদারদের নামের তালিকা তুলে ধরেন তিনি।
কর্মজীবন শুরুর আগেই চিরবিদায় ডা. ফেরদৌস আমিন
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী ডা. ফেরদৌস আমিন প্রমি। শনিবার (২৫ জুলাই) রাজধানীর পপুলার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিসের (এফডিএসআর) যুগ্ম মহাসচিব ডা. রাহাত আনোয়ার জানান, মেডিকেল কলেজ থেকে পাস করে সদ্য ইন্টার্নশিপ শেষ করেছিলেন পঁচিশ বছর বয়স্ক প্রমি। কর্মজীবনে ঢোকার আগেই করোনাভাইরাসে প্রাণ গেল এ তরুণ চিকিৎসকের।
সদ্যভূমিষ্ঠ সন্তানসহ না ফেরারে দেশে ডা. শেফা
সদ্যভূমিষ্ঠ সন্তানসহ (২ দিন বয়স) করোনায় প্রাণ হারালেন রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ডা. শেফা ইসলাম তুলি। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
আজ রোববার (২৬ জুলাই) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরণ করেন।
ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি এন্ড রাইটসের (এফডিএসআর) কার্যকরী পরিষদের সদস্য ডা. রাশেদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

শোক প্রকাশ করে তিনি জানান, ‘অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ডা. শেফা ইসলাম তুলি করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তাঁর সদ্য গর্ভজাত ২দিন বয়সের সন্তানও ইন্তেকাল করে। তাঁর ও ভূমিষ্ঠ সন্তানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানাই এবং মহান আল্লাহ তায়ালর কাছে দোয়া করি যেন শোকসন্তপ্ত পরিবারকে এই শোক কাটিয়ে উঠার শক্তি দান করেন।’
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনসহ (বিএমএ) অন্যান্য পেশাজীবীদের তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত করোনায় ৭০ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা উপসর্গ নিয়ে চলে গেছেন আরও ১০ চিকিৎসক।
-
২৮ সেপ্টেম্বর, ২০২৬
-
০২ সেপ্টেম্বর, ২০২৬
-
০৯ অগাস্ট, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬