করোনায় রিজেন্ট চেয়ারম্যান সাহেদের বাবার মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের চিকিৎসা নিয়ে প্রতারণার অভিযোগে র্যাবের অভিযানের মুখে পলাতক রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের বাবা সিরাজুল করিম এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ৯টার দিকে রাজধানীর মহাখালীতে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে (সাবেক আয়েশা মেমোরিয়াল) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করে বলেছেন,‘সিরাজুল করিম করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। তিনি তাদের হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। তার নিউমোনিয়াসহ অন্যান্য জটিলতা ছিল।’
হাসপাতাল সূত্রে জানা গেছে, বাবাবে ভর্তি করাতে গত চার জুলাই হাসপাতালে নিয়ে আসেন মো. সাহেদ। তিনটি পরীক্ষায় নেগেটিভ আসা সিরাজুল করিমকে নেগেটিভ হিসেবে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর নমুনা পরীক্ষায় তার পজিটিভ আসে।
ভর্তির দুই দিন পর সিরাজুল করিমকে আইসিইউতে নেওয়া হয় জানিয়ে ডা. আশীষ বলেন, ‘তাঁর ফুসফুসে সংক্রমণ ছিল। অবস্থা খারাপ হলে দুই দিন আগে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এ অবস্থায় বৃহস্পতিবার মারা যান তিনি।’
ডা. আশীষ কুমার জানিয়েছেন, ভর্তির পর প্রথম দুই দিন সাহেদ তাঁর বাবার খোঁজ নিয়েছেন। যেদিন রিজেন্টে র্যাব অভিযান চালায় সেদিন রাতেও তিনি ফোন করেছিলেন। কিন্তু তারপর থেকেই তার ফোন বন্ধ পাওয়া যায়।
তিনি বলেন, ‘আমাদের কাছে মো. সাহেদের ফোন নম্বর ছাড়া আর কারও নম্বর ছিল না। তার সব নম্বর বন্ধ পেয়েছি। সাহেদের স্ত্রী বাংলাদেশ টেলিভিশনের সংবাদ পাঠক। সেই সূত্রে তার একজন সহকর্মীকে এ খবর দেওয়া হলে তাদের আত্মীয় বা কেউ এসেছিলেন। তাদের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।’
তবে তার আগ পর্যন্ত পরিবারের কাউকে খুঁজে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করে ইউনিভার্সেল হাসপাতাল কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, পরীক্ষা ছাড়াই করোনার সনদ দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে গত ৬ জুলাই র্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় অন্তত ছয় হাজার ভুয়া করোনা পরীক্ষার সনদ পাওয়ার প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত।
একদিন পর গত মঙ্গলবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে র্যাব রিজেন্ট হাসপাতাল ও তার মূল কার্যালয় সিলগালা করে দেয়। রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে ওই দিনই উত্তরা পশ্চিম থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪