জিএসকের কনজিউমার হেলথকেয়ার কার্যক্রমও বন্ধ, মালিকানায় ইউনিলিভার
মেডিভয়েস রিপোর্ট: ওষুধ উৎপাদন কারখানা এবং ফার্মাসিউটিক্যালস ইউনিটের ব্যবসা গুটিয়ে নেওয়ার পর এবার কনজিউমার হেলথকেয়ার ইউনিটের কার্যক্রমও বন্ধ করে দিচ্ছে গ্ল্যাক্সোস্মিথক্লাইন (জিএসকে) বাংলাদেশ লিমিটেড।
এরই অংশ হিসেবে পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানিটির উদ্যোক্তা ও পরিচালকদের শেয়ার কিনে নিতে শুরু করেছে আরেক বহুজাতিক কোম্পানি ইউনিলিভার। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে ঘোষণা দিয়ে জিএসকের শেয়ার কেনা শুরু করেছে ইউনিলিভার।
জিএসকের পক্ষ থেকে জানানো হয়েছে, মূল কোম্পানি যুক্তরাজ্যের সেটফার্স্ট লিমিটেডের অনুমোদনের পরিপ্রেক্ষিতে শেয়ার বিক্রি করছে গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ। এর অংশ হিসেবে ৩০ কার্যদিবসের মধ্যে তাদের হাতে থাকা ৯৮ লাখ ৭৫ হাজার ১৪৪টি শেয়ার ইউনিলিভারের সহযোগী প্রতিষ্ঠান ওভারসিজ হোল্ডিংস বিভির কাছে হস্তান্তর করবে।
অবশ্য প্রথমে সেটফার্স্টের কাছে থাকা জিএসকে বাংলাদেশের সব শেয়ার ইউনিলিভারের মূল কোম্পানি ইউনিলিভার এনভির কাছে বিক্রির কথা ছিল। কিন্তু চলতি বছরের ২২ মার্চ এ সিদ্ধান্ত পরিবর্তন করে ইউনিলিভারের মূল কোম্পানির পরিবর্তে এর সাবসিডিয়ারি ইউনিলিভার ওভারসিজ হোল্ডিংস বিভির কাছে সেটফার্স্টের সব শেয়ার বিক্রির সিদ্ধান্ত হয়।
ওই সিদ্ধান্ত অনুসারে এখন ব্লক মার্কেট থেকে জিএসকে শেয়ার ইউনিলিভারের সহযোগী প্রতিষ্ঠান ওভারসিজ হোল্ডিংস বিভির অনুকূলে কেনা হচ্ছে। ব্লক মার্কেটের মাধ্যমে এ শেয়ার কিনে নেয়ার পর গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশের মালিকানা পুরোপুরিভাবে ইউনিলিভারের হাতে চলে যাবে।
১৯৭৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ। এর পর থেকে কনজিউমার হেলথকেয়ার ও ফার্মাসিটিক্যালস দুই ইউনিটের মাধ্যমে সুনাম ও দাপটের সঙ্গে বাংলাদেশে ব্যবসা পরিচালনা করে এ বহুজাতিক কোম্পানি। কিন্তু ফার্মাসিউটিক্যালস ইউনিটের লোকসান দেখিয়ে ওষুধ উৎপাদন কারখানা এবং ফার্মাসিউটিক্যাল বিজনেস ইউনিটের সব কার্যক্রম একপর্যায়ে বন্ধ করে দেয় গ্ল্যাক্সোস্মিথক্লাইন।
এর অংশ হিসেবে গত বছরের ডিসেম্বরে জিএসকের চট্টগ্রামের ওষুধ কারখানায় ব্যবহৃত ক্রিম ও অয়েন্টমেন্ট-জাতীয় ওষুধের উৎপাদন ও মান নিয়ন্ত্রণের বেশ কিছু সরঞ্জাম ডিবিএল ফার্মাসিউটিক্যালসের কাছে বিক্রি করে দেয়া হয়। এ বিষয়ে গত বছরের ২২ ডিসেম্বর ওষুধ নিয়ন্ত্রক সংস্থাকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে দেয় জিএস।
তবে হরলিকস, মালটোভার মতো জনপ্রিয় হেলথ ড্রিংক, গ্ল্যাক্সোজ-ডি, সেনসোডাইনসহ কনজিউমার হেলথকেয়ার ইউনিটের কার্যক্রম সচল রাখে। ইউনিলিভার এখন প্রতিষ্ঠানটির শেয়ার কিনে নেয়ায় হরলিকস, মালটোভার মতো জনপ্রিয় হেলথ ড্রিংক, গ্ল্যাক্সোজ-ডি, সেনসোডাইনের মতো জনপ্রিয় পণ্যগুলো ইউনিলিভারের মালিকানায় চলে যাবে।