করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর নতুন ৫ নির্দেশনা
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় জনগণের মধ্যে আরও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের ৫টি নির্দেশনা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
বুধবার (৩ জুন) রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে এ কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
নির্দেশনাগুলো হলো:
১. অফিস আদালত, দোকান, ব্যবসা প্রতিষ্ঠানসহ সর্বত্র স্বাস্থ্যবিধি মেনে চলা ও সংক্রমণ রোধে কার্যপদ্ধতি অনুসরণ।
২. গণপরিবহন চলাচলের সময় স্বাস্থ্যবিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রাখা।
৩. জনসম্মুখে সব সময় মাস্ক পরিধান ও স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে চলা।
৪. দলীয় নেতাকর্মীরা নিজেরা স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং তা প্রতিপালনে জনগণকে সচেতন করবেন।
৫. স্থানীয় জনপ্রতিনিধিদের করোনা সংক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। জনপ্রতিনিধিরা অঞ্চলভিত্তিক তদারকির মাধ্যমে সংক্রমণ রোধের পাশাপাশি স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ভূমিকা রাখবেন। আপদকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে অসহায় দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণের দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।
ওবায়দুল কাদের বলেন, ‘সব নির্দেশনা প্রতিপালন এবং দৃঢ় মনোবল নিয়ে করোনা বিরোধী লড়াইয়ে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে সচেষ্ট থাকতে হবে। অতীতের যেকোনও দুর্যোগের মতো আমাদের ঐক্যবদ্ধ, সাহসী ও মানবিক প্রয়াস সংকট উত্তরণের পথ সুগম করবে।’
তিনি বলেন, ‘সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি সরকার এ সংক্রমণ রোধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন এবং নিচ্ছে। শেখ হাসিনার সরকার জনগণের পাশে আছে সব সময়। ক্রমঅবনতিশীল এ পরিস্থিতিতে সরকার সংক্রমিত এলাকা এবং এর নানাদিক বিবেচনায় নিয়ে এলাকাভিত্তিক বা জোনে বিভক্ত করার বিষয়টি ভাবছে। বিশেষজ্ঞরা এই বিষয়ে কাজ করছেন। কর্মপরিকল্পনা তৈরি করছেন।’
সেতু মন্ত্রী আরো বলেন, ‘জনগণের ঘনত্ব, সংক্রমণের মাত্রা, রোগীর সংখ্যা, পাশ্ববর্তী এলাকার যোগাযোগ ব্যবস্থা, টেস্ট ফ্যাসিলিটি, চিকিৎসা সুবিধাসহ নানা বিষয় এর সাথে জড়িত। বিস্তারিত পরিকল্পনা পাওয়া গেলে যাচাই-বাছাই করে সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪